
ফাতেহ ডেস্ক
আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর পরিদর্শনের অংশ হিসেবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে দেখেছি যে অবহেলার শিকার আমাদের প্রতিষ্ঠানগুলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি বলতে পারি। পুলিশ বাহিনী কাজ করত, না ছিল তাদের লোকবল, না ছিল তাদের কোনো অবকাঠামো সুবিধা, না ছিল ট্রেনিংয়ের সুবিধা। সব দিক থেকে অবহেলার শিকার ছিল।
তিনি বলেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছি। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারে।
