
ফাতেহ ডেস্ক: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন সাবেক ক্রিকেটার ইমরান খান। সকালে প্রেসিডেন্ট হাউসে ইমরানকে শপথ পাঠ করাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন।
শুক্রবার ইমরান খানকে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচন করে পার্লামেন্ট। তার পক্ষে পড়ে ১৭৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিম লিগের শাহবাজ শরিফের ভোট ৯৬টি। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইমরান খান। দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি।
এসময় ভারত-পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন নতুন প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি ক্রিকেট অঙ্গনের অনেক তারকা খেলোয়ারকে আমন্ত্রণ জানিয়েছেন পিটিআই প্রধান।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। আমন্ত্রণ পেলেও যোগ দিচ্ছেন না সুনিল গাভাস্কার ও কপিল দেব।
