
আন্তর্জাতিক ডেস্ক ঃ
পিটিআই ছাড়া পাকিস্তানের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। ফলাফল প্রকাশে দেরি হওয়া ও নির্বাচন চলাকালে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে তারা এমন ঘোষণা দিয়েছে। জং অনলাইন এ খবর প্রকাশ করেছে।
ইমরান খানের পিটিআই এরই মধ্যে ১১১ আসন পেয়ে এগিয়ে আছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭ টি সংসদীয় আসন।
ফল প্রকাশে দেরী হওয়ায় অভিযোগ বাড়ছে।
লাহোরে এক সংবাদ সম্মেলনে মুসলিম লিগ (এন) নেতা শাহবাজ শরীফ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন। পিপিপির খুরশিদ শাহ বলেন, শিগগির পার্টি মিটিং অনুষ্ঠানের পর পরবর্তী পদক্ষেপ জানানো হবে। এমএমএর মাওলানা ফজলুর রহমান বলেছেন, কারচুপির এই ফলাফল আমরা মানি না। অন্যান্য জোট ও দলের পক্ষ থেকেও একইরকম দাবি জানানো হয়েছে।
এদিকে এমএমএর মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, দুদিনের মধ্যে তারা সর্বদলীয় বৈঠকে বসে পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, এবিষয়ে শাহবাজ শরীফ ও আসিফ আলি জারদারির সঙ্গে তার আলাপ হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী দ্বিতীয় প্রধান আসন লাভকারী দলের শাহবাজ শরীফও সর্বদলীয় বৈঠকে বসার কথা বলেছেন।
প্রধান রাজনৈতিক দল্গুলির এই অভিযোগ প্রত্যাখ্যান ঘোষণার পর পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন সিস্টেমের জটিলতার কারণেই ফল প্রকাশে দেরী হচ্ছে। এতে কোন গভীর ষড়যন্ত্র জাতীয় কিছু নেই।
