
ফাতেহ ২৪ ডেস্কঃ
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মে নিয়োগের ক্ষেত্রে চলমান কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার, বাতিলসহ সার্বিক বিষয় পর্যালোচনা করার জন্য সাত সদস্যের কমিটি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এ কমিটি।
কেবিনেট সচিবকে আহ্বায়ক করে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন- পিএসসির সচিব ও প্রধানমন্ত্রীর দফতরের ভারপ্রাপ্ত সচিবকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোমিনুল হক ফাতেহ২৪ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রজ্ঞাপনটি কিছু সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কোটা সংস্কার নিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নতুন কর্মসূচির মধ্যেই এই কমিটি গঠন করা হলো। শনি থেকে সোমবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারও করা হয়।
