
ফাতেহ ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।
সকাল ১০টা থেকে প্রত্যেক জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের বরাদ্দ দেয়া হয় নির্বাচনি প্রতীক। দলীয় প্রার্থীরা পেয়েছেন দলের প্রতীক। আর পছন্দমতো প্রতীক বেছে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বরাদ্দ হয় ঢাকার ২০টি আসনের প্রার্থীদের প্রতীক। ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনের প্রতীক বরাদ্দ হয় জেলা প্রশাসন কার্যালয় থেকে। বাকিগুলো দেয়া সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে।
ঢাকা-১ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দোহার-নবাবগঞ্জ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার আবু আশরাফ, বিকল্প ধারার জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামসহ সাত জন।
সারাদেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকেও একই সময় প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা।
প্রতীক বরাদ্দে পরপরই বগুড়াসহ উত্তরাঞ্চলে বিভিন্ন ছাপাখানায় শুরু হয়েছে প্রার্থীদের পোস্টার ছাপানোর কাজ। প্রতীক বরাদ্দের সাথে সাথে ব্যানার-পোষ্টার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাসীন দলের প্রার্থীদের নেতা-কর্মীরা।
