
ফাতেহ ডেস্ক: ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়, রাজনৈতিক উদ্দেশ্যে ফরমায়েসি রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দুপুরে নয়া পল্টন কার্যালয়ে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি এ রায় প্রত্যাখ্যান করছে।
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আর হামলার পরিকল্পনার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সহ ১৯ আসামীর। অপর ১১ আসামীর প্রত্যককে নানা মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। দ্রুত বিচার ট্রাইব্যূনাল- ১ দুপুরে এ রায় দেয়া হয়।
১৪ বছর আগের গ্রেনেডে হামলা মামলার রায়কে কেন্দ্র করে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ আদালত এলাকায়। বেলা ১১টা ২০ মিনিটে আদালতে আনা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মামলায় আটক ৩১ আসামীকে।
বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসে ওঠেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন। মোট ১২টি বিষয় বিবেচনায় নিয়ে রায় পড়া শুরু করেন তিনি। রায়ে লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়। আর তারেক রহমান ও হারিছ চৌধুরী সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন।
রায়ের পর্যবেক্ষনে বিচারক বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমানের তত্ত্বাবধানে হামলার পরিকল্পনা, বাস্তবায়ন ও আসামীদের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা করা হয়। এ ঘটনাকে বিরোধী দল নিশ্চিহ্ণ করার প্রয়াস বলেও উল্লেখ করেন আদালত।
রায়ে তারেক রহমান সহ অন্যদের মুত্যুদন্ড চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আর রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতির কথা জানায় আসামীপক্ষ।
