রেললাইনের পাশে বস্তিতে ঝুঁকি নিয়ে বসবাস

ফাতেহ ডেস্ক: রাজধানী ঢাকায় রেললাইনের দুই পাশে বসবাসকারী বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয়ে স্থায়ী কোনো সমাধান কখনোই হয়নি।

যদিও কয়েকবার উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি সেই উদ্যোগ। ফলে রেল লাইনের পাশে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করেন বস্তিবাসী।

কয়েকবছর আগেও ঢাকা উত্তর সিটি করপোরেশন রেল লাইনের পাশের বস্তি উচ্ছেদ করেছিল। বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হলেও আবার গড়ে উঠেছে নতুন বস্তি।

আর্থিক বাণিজ্যের কারণে মূলত স্থায়ীভাবে বস্তি উচ্ছেদ করা সম্ভব হয় না বলে অভিমত নগর বিশেষজ্ঞদের। তারা বলছেন, এই ভাবে বসবাস খুবই বিপজ্জনক। রাষ্ট্রের উচিত, এই মানুষগুলোকে আবাসনের ব্যবস্থা করে অন্য কোথাও দ্রুত সরিয়ে নেওয়া।

বছরের পর বছর নিম্নআয়ের মানুষ অস্বাস্থ্যকর, ঝুঁকিপূর্ণ ও নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় বস্তিতে বসবাস করছেন, তারা এখন নগরজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন।

অস্বাস্থ্যকর পরিবেশ ও শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে এই বস্তিবাসীদের সন্তানরা অনেকেই খুব অল্প বয়সেই নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তবে আশার দিক হচ্ছে, বস্তিবাসী লোকজনকে অবহেলার চোখে দেখলেও বস্তির শ্রমজীবী মানুষ ঢাকার পোশাক শিল্প, পরিবহন শিল্প, ক্ষুদ্র ব্যবসাসহ নানা কাজের চাকা সচল রেখেছে।

জানা গেছে, মহাখালী থেকে কমলাপুর পর্যন্ত রেল লাইনের দুই পাশে গড়ে ওঠা বস্তিতে অন্তত দশ-বারো হাজারের বেশি পরিবারের বসবাস। এই বস্তিতে বিশুদ্ধ পানি ও টয়লেটের সুব্যবস্থা নেই।

সেখানে বিদ্যুতের সংযোগও নেই, তবে যদিও অনেকে অবৈধ সংযোগ নিয়েছেন। বসবাসের জন্য ঘিঞ্জি পরিবেশ, অপ্রতুল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও অধিক ভাড়ার পাশাপাশি নানা দুরবস্থার মধ্যে বাস করে বস্তিবাসীরা। নানা সমস্যার পাশাপাশি উচ্ছেদ আতংকও কাজ করে।

আগের সংবাদপাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬
পরবর্তি সংবাদঅস্ত্র ছেড়ে শান্তির পথে আসতে চায় আইএস গোষ্ঠি!