রেল সেবার মান বাড়াতে বড় ধরণের উদ্যোগ

ফাতেহ ডেস্ক: রেলের সেবা বিস্তৃত করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ৩ হাজার ৬০২ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। এর সিংহভাগ ২ হাজার ৮৩ কোটি টাকা দেবে এডিবি। বাকি টাকা সরকরের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

মঙ্গলবার চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি তোলা হচ্ছে। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধামন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সভায় অনুমোদন পেলে ২০২১ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে বিশাল এ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। এই অর্থ দিয়ে ১ হাজার ১৬৫টি আধুনিক ইঞ্জিন ও ওয়াগন বা বগি কেনা হবে। এর মধ্যে ৪০টি ব্রডগেজ ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন), ৭৫টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৪০০টি মিটার গেজ ও ৩০০টি ব্রডগেজ কাভার্ড ভ্যান এবং ১৮০টি মিটারগেজ ও ১২০টি ব্রডগেজ বগি ওপেন ওয়াগন সংগ্রহ করা হবে।

পাশাপাশি ব্রডগেজ ও মিটারগেজ লাগেজ ভ্যানের জন্য বৈদেশিক প্রশিক্ষণ, সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ এবং ক্যাপিটাল ও মেনটেইন্যান্স স্পেয়ার্সও সংগ্রহ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, রেলের সেবার মান বাড়াতে বিভিন্ন লাইনে রেলের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। কিন্তু ইঞ্জিন ও বগির কারণে সহজে তা বাড়ানো যায় না। এই অবস্থায় এডিবির সহযোগিতায় এই প্রকল্প নেয়া হচ্ছে।

আগের সংবাদব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের ঋণেও সুদ কমবে
পরবর্তি সংবাদইইউ মিয়ানমারের সেনা জেনারেলদের শাস্তি দিলো