রমজান শেষে মুক্তির পয়গাম

তরিকুল ইসলাম

ইবাদত-বন্দিগী ও সংযমের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে মাহে রমজান। তবে মুমিন-মুসলমানদের দিয়ে যাচ্ছে মুক্তির পয়গাম। আর এই বিদায়ীলগ্নে আমাদের করণীয় হবে দুনিয়ার সকল কিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে প্রভু প্রেমে বিভোর হওয়া। বিশেষত সকল প্রকার অন্যায়-অপরাধ,পাপ ও গুনাহ যা জান্নামে যাওয়ার কারণ হয়; (যথাঃ গাড়ি,বাড়ি,নারী এবং সম্পদ,সন্তান,সম্মান,হিংসা )। এগুলো থেকে নিজের মন ও মানসকে সম্পূর্ণ মুক্ত করা এবং সেসবের আকর্ষণ থেকে পরিপূর্ণরূপে মোহমুক্ত থাকা। এবং আল্লাহপাকের বিশেষ নামসমূহের জ্ঞান হৃদয়ঙ্গম করে এর ভাব-প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক-বাহক হয়ে তা  বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তাঁর সৃষ্টির কাছে পৌঁছে দেয়া।

প্রায় একমাস সংযম-সাধনার পর রোজাদার এমন একটি পর্যায়ে পৌঁছে যান,যেখানে রয়েছে পরম প্রাপ্তি। মানুষের জন্য জাহান্নামের আগুন ও শাস্তি থেকে মুক্তির চেয়ে বড় পাওনা আর কিছু নেই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তির।’ (মিশকাত)

একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা-সাধনা চালিয়ে যান। সততা, ন্যায়নিষ্ঠা ও সত্যবাদিতায় তিনি নিজেকে সুশোভিত করে আত্মশুদ্ধি লাভ করেন, যাবতীয় পাপ-পঙ্কিলতা,অন্যায়,অপরাধমূলক চিন্তাভাবনা ও অসৎ কাজকর্ম থেকে বিরত থেকে রোজাদার যখন রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ন্যায়, কল্যাণ ও সৎ পথে পরিচালিত হন,তখন রমজান মাসের ১০ দিন অতিবাহিত হলে তিনি আল্লাহর রহমত তথা দয়া,করুণা ও অনুগ্রহ লাভে ধন্য হন। অতঃপর যখন এমনিভাবে এ মাসের আরও ১০ দিন অতিবাহিত করেন, তখন দয়াময় প্রভু তাঁর গুনাহ-খাতা মাফ করে দেন। এর পরও যখন তিনি মাহে রমজানের শেষ ১০টি দিন এভাবে সিয়াম-সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করেন,তখন রোজাদার জাহান্নাম থেকে নাজাত বা মুক্তিযোগ্য হন। পাপমুক্তি ও ক্ষমা লাভের প্রেরণা রোজাদার মুমিন বান্দাদের উদ্বেলিত করে তোলে।

তাই মাহে রমজানে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। সারা দিন রোজা পালন করে ক্লান্ত-অবসন্ন দেহে আল্লাহর কালামের সম্মোহনে তাঁরা খতমে তারাবি নামাজের জামাতে সমবেত হন। শেষ রাতে সপরিবারে সেহরী খেতে জেগে ওঠেন। অন্যায় ও অসৎ কাজের বিপক্ষে এবং সত্য-ন্যায়ের স্বপক্ষে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে যান। মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়,মাহে রমজানের ত্রিশদিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কলুষ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এসব মুমিন বান্দার মাগফিরাত ও নাজাতপ্রাপ্তি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর ফরমান, ‘যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে,তারা সেদিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছেন।’ তিনি আরও বলেছেন,‘যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ নেই।’ রমজানের প্রথম দুই দশকের চেয়ে শেষ দশকের গুরুত্ব ও ফজিলত আরো অনেক গুণ বেশি।

কেননা এ দশকেই রয়েছে পবিত্র লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাস অপেক্ষাও উত্তম। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সাওয়াব হতে পারে,এই রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। এ রাতের কারণেই পুরো রমজান তাৎপর্য ও ফজিলতপূর্ণ হয়েছে। আর পবিত্র কোরআনও অবতীর্ণ হয়েছে এই দশকের কদরের রাতে। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে,‘আমি এই কিতাব অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। অবশ্যই আমি সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়।’ (সুরা : দুখান, আয়াত : ৩-৪)

তাই রমজানের বিগত দিনগুলো যাদের অবহেলায় কেটে গেছে,এখনো সময় আছে তাদের নিজেকে শুধরে নেওয়ার এবং নিজেদের মনকে কলহমুক্ত করার। তবে মুক্তির অবারিত সুযোগ পেয়েও যারা নিজেদের শুধরে নিতে পারল না,তাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারেনা।

আগের সংবাদহাজীগঞ্জে ‌‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
পরবর্তি সংবাদকারী রহমতুল্লাহ সাহেব আর নেই