
ফাতেহ ডেস্ক: জাতীয় নির্বাচনে আসনভিত্তিক রিটার্নিং অফিসার নিয়োগের বিধান যুক্ত হতে যাচ্ছে আরপিওতে। নির্বাচনের সময় আসনভিত্তিক তদারকির ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের হাতে দেয়ার জন্যই ইসি থেকে এ প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার এবং এর অপব্যবহারে সাত বছরের জেল, প্রার্থীর খেলাপি ঋণ পরিশোধে শর্ত শিথিলসহ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে ১৭ দফা প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।
সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ সংশ্লিষ্টদের বদলির ক্ষমতাও ইসির হাতে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধেও আপিলের সুযোগ, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ও সংশোধনীতে যুক্তের প্রস্তাব করা হয়েছে।
আরও বেশ কিছু বিষয় আরপিওতে যোগ করে সংশোধন সংক্রান্ত নথি ভেটিংয়ের জন্য ২ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিওতে এই সংশোধনী আনা হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
গোপনীয়তার মধ্যে ইসি আরপিওতে এসব সংশোধনী অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ৩০ আগস্ট কমিশনের সভায় এটি অনুমোদন দেয়া হয়। কথা থাকলেও রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নেয়া হয়নি। যদিও সিইসি কেএম নুরুল হুদাসহ ইসির কর্মকর্তারা বলে আসছেন, আরপিওতে ইভিএম ছাড়া গুরুত্বপূর্ণ তেমন কোনো সংশোধনী আসছে না।
আরপিও সংশোধন প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার বলেন, আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিংয়ে অনুমোদন হলে এটি মন্ত্রিসভা ও পার্লামেন্টে পাস হবে। এতে কি আছে তখন তা জানতে পারবেন। এটা কোনো গোপনীয় বিষয় নয়। সবকিছু আগেভাগে জানাতে হবে এমন কোনো অভিধানও নেই।
জানা গেছে, ইসির অনুমোদন দেয়া খসড়ার প্রথমেই আরপিওতে ইভিএম পদ্ধতি অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে এটিকে সংজ্ঞাভুক্ত করা হয়েছে। এ কারণে ধারা ২-এ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের এক বা একাধিক বা সব ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্ত করতে আরপিওতে ১৯(এ) (২০এ), (২০বি) ও (২০সি) ধারা নতুন অন্তর্ভুক্তের প্রস্তাব করা হয়েছেন। জাতীয় নির্বাচনে এ মেশিন ব্যবহারের বিধান যুক্তের কারণে ৩১(১) ও ৮১(১) ধারাতেও সংশোধনী প্রস্তাব আনা হয়েছে।
