
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। টানা তৃতীয় মেয়াদে আবারও স্পিকার নির্বাচিত হচ্ছেন বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে পর পর তিনবার একই ব্যক্তির স্পিকার নির্বাচিত করার রেকর্ড তৈরি হচ্ছে। স্পিকার নির্বাচনের পরেই স্বাগত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এতে থাকবে সংসদ ও সরকার পরিচালনা দিক নির্দেশনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বসছে প্রথম অধিবেশন। আর এর মধ্য দিয়েই বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে। ২৫৭টি আসনে বিজয়ীয় হয়ে সংসদের প্রধান দল হিসেবে এবারেও নেতৃত্বে থাকছে আওয়ামী লীগ। ৭৩ সালের নির্বাচনের পর এবারই প্রথম কোন রাজনৈতিক দল এত বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছে।
এর আগে দশম সংসদে সরকারি দল আওয়ামী লীগের ছিল ২৩৪ আসন। অষ্টমে একই দলের ছিল ২৩০টি আসন। সপ্তম সংসদে ১৯৩ আসন নিয়ে সরকারি দল হয়েছিল বিএনপি । বিশাল জয়ের কারনে এবারে সংসদে আওয়ামী লীগের দায়িত্ব আরও বেড়ে গেছে- বলছেন বিশেষজ্ঞরা।
অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। শিরীন শারমিন চৌধুরী আবারও স্পিকার পদে বহাল থাকতে পারেন। এর আগে তিনিই প্রথম নারী স্পিকার হিসেবে নবম জাতীয় সংসদে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন।
টানা তৃতীয় মেয়াদে আবারও স্পিকার নির্বাচিত হলে এটিও হবে সংসদের আরেকটি রেকর্ড। কারন এর আগে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন সপ্তম ও নবম সংসদে। শেখ রাজ্জাক আলী টানা দুই মেয়াদে স্পিকার ছিলেন ৫ম ও ৬ষ্ঠ সংসদে। শামসুল হুদা চৌধুরী একই পদে টানা দুবার নির্বাচিত হন ৩য় ও চতুর্থ সংসদে।
স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও শোক প্রস্তাবের পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে আগামী পাঁচ বছরে সরকার ও সংসদ পরিচালনার দিক নির্দেশনা থাকবে। প্রথম অধিবেশন জুড়েই রাষ্ট্রপতির এ ভাষনের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনা করবেন সংসদ সদস্যরা।
একাদশ সংসদে ২৫৭টিতে জয়ী আওয়ামী লীগ, তবে জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অপরদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র আটটি আসন পেয়েছে। ২২ আসনে জয়ী হয়ে এবারও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি।
এর মধ্যে সর্বোসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে তিনি এ দায়িত্ব থাকছেন। বিরোধী দলীয় নেতা হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
