গাইবান্ধায় বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

ফাতেহ ডেস্ক: ০১ সেপ্টেম্বর, ২০১৮ গাইবান্ধার পলাশবাড়ীতে এক সড়ক দুর্ঘটনায় শুক্রবার মধ্যরাতে ৫ জন নিহত হয়েছেন। সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে আরো ৯ জন আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অনাবিল পরিবহণ’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে রাস্তায় থেমে থাকা একটি টাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পর ৮ বছরের একটি শিশু মারা যায়। এ ঘটনার পর থেকেই পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক্টরের চালক ও সহযোগীদের আটক করা যায়নি, তারা পালিয়ে গেছে। তবে খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।

তারা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সড়ক থেকে দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ট্রাক্টরটি সরানো হচ্ছে।

আগের সংবাদময়মনসিংহে ধর্মমন্ত্রীর ছেলের বিরুদ্ধে হত্যা মামলা
পরবর্তি সংবাদখালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি