ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতিমূক্ত করতে যা করবেন ধর্মপ্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক 

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতি, অনিয়ম, অশান্তি ও বিশৃঙ্খলামুক্ত করতে যা যা করণীয় তা-ই করব। এ মন্ত্রণালয়ের নামের সার্থকতা কাজের মাধ্যমে প্রমাণ করব।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ দফতরে রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)-এর কার্যনির্বাহী সদস্যরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালনে আমি নবীন হলেও ইতোমধ্যে আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছায় আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ সহ-সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, কোষাধ্যক্ষ রকীবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু প্রমুখ।

আগের সংবাদআসামে নাগরিকত্ব বিল ইস্যুতে বিজেপি-নেতাকে মাটিতে ফেলে জনতার চড়-থাপ্পড়
পরবর্তি সংবাদবইমেলায় উস্কানিমূলক বই পেলেই ব্যবস্থা : ডিএমপি