সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক: ফুটবল তুলতে সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মিজানের ছেলে সিফাত (১২) এবং আফজালের দুই ছেলে ইমরান হোসেন (২৫) ও রুবেল হোসেন (১৮)।

জানা গেছে, মাঠে স্থানীয় কিশোর এবং তরুণেরা ফুটবল খেলছিলেন। বল খুঁজতে একপর্যায়ে ইমরান হোসেন পাশের পানির ট্যাংকের ভেতর নামেন। কিছুক্ষণ পর দুজন ট্যাংকে ইমরানকে খুঁজতে নেমে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়। মাঠের এক পাশে মসজিদের পানি ধরে রাখার জন্য মাসখানেক আগে এই ট্যাংক নির্মাণ করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস বিষক্রিয়া বা অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আগের সংবাদলবণের দাম নিয়ন্ত্রণে তদারকি চান চামড়া ব্যবসায়ীরা
পরবর্তি সংবাদসিলেটে স্থগিত দুই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে