
ফাতেহ ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের পড়তে হবে সরকারি প্রাথমিকেই। এ সংক্রান্ত বিধান কার্যকরে কঠোর পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
ঢাকা জেলার নবাবগঞ্জ-দোহারসহ চারটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্স করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের সরকারি স্কুলেই পড়াতে হবে।
ভিডিও কনফারেন্সে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আগ্রহ কমার কারণ খুঁজে দেখছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্নীতিমুক্ত রাখতে প্রধান শিক্ষকদের কঠোর হওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
