
ওমর ফারুক
দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে গত ১৯ অক্টোবর ২০১৮ কওমি মাদরাসার কেন্দ্রীয় শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদানের বিল পাশ হয়। গত ৮ অক্টোবর ২০১৮ বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিলটি পাশ হওয়ার পর, দীর্ঘ সময় ধরে পক্ষ ও বিপক্ষের নানান আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আসা এই স্বীকৃতির ভালো-মন্দ, লাভ-ক্ষতি এমনকি রাজনৈতিক হিসাবনিকাশের নানা জটিলতা নিয়ে গুঞ্জন উঠেছে কওমি মহলে। ২০১৩ সালের হেফাজত আন্দোলনের নানা বিষয়-আশয়ও প্রাসঙ্গিক হয়ে উঠছে স্বাভাবিকতই। কওমি-অঙ্গনের সর্বপ্রধান ও মাননীয় বলে বিবেচিত আল্লামা আহমদ শফীর স্বীকৃতি-পরবর্তী বিবৃতি নিয়েও হচ্ছে নানা আলোচনা। অনেকেই মুখর হয়ে উঠছে কওমি ধারার শীর্ষ পর্যায়ের আলেম-ওলামাদের নানান রকম সমালোচনায়, যাদের অধিকাংশই তরুণ-প্রজন্ম। ইত্যাকার বিষয়াদি নিয়ে নিজেদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি জানিয়েছেন লেখক ও সাংবাদিক আলী হাসান তৈয়ব এবং লেখক ও আরবি ভাষা গবেষক মহিউদ্দীন ফারুকী।
লেখক ও সাংবাদিক আলী হাসান তৈয়ব বলেন, শীর্ষ আলেমদের এ মতভেদ ও বিচ্ছিন্নতাকে আমি আসলে গৃহকোন্দল বলবো না। স্বীকৃতি সকলেরই চাওয়া ছিল। তবে যেহেতু স্বীকৃতি আওয়ামী লীগ সরকার দিয়েছে, এটা নিয়ে অনেকে শঙ্কিত। তারা অতি সতর্কতা থেকে আশঙ্কা করছেন। এ আশঙ্কা থেকেই বিভিন্ন রকম মন্তব্যও করছেন। স্বীকৃতি পাওয়ার পর শাহ আহমদ শফী সাহেব হুজুরের পক্ষ থেকে যে বক্তব্য এসেছ্ এটাও অতি সরলতাজনিত একটি বক্তব্য ছিল। অনেকভাবে এ সরলতার ব্যাখ্যা করা যায়। এটাও অনেকে মানতে পারছেন না। অতএব আমি মনে করি, স্বীকৃতি বিষয়েও যে মতভেদ তৈরি হয়েছে, এটা আসলে অতি সতর্কতা ও অতি সরলতাজনিত বক্তব্যের কারণে হয়েছে।
তিনি বলেন, অতি সরলতা ও অতি সতর্কতা এ দুটি মাঝামাঝি অবস্থান করাই আমার কাছে মনে হচ্ছে আলেমদের জন্য সঠিক অবস্থান। সরকার আমাদের যে উদ্দেশ্যেই স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি, এটা গ্রহণ করা উচিত। এটা আমাদের নাগরিক অধিকার। আর সরকার যেহেতু আমাদের অধিকার দিয়েছে, তাই তার কৃতজ্ঞতাও আদায় করা প্রয়োজন। তবে এ কৃতজ্ঞতা আদায় করতে যেয়ে যেন বাড়াবাড়ি না হয়। সরকার ধন্যবাদের প্রাপ্য এবং সেটা মৌখিকভাবেই দেওয়া উচিত। তবে খুব সতর্কতার সঙ্গে ও বল্গাহীন প্রশংসা করা দরকার নেই। স্বাভাবিক থাকাই শ্রেয়।
আলী হাসান তৈয়ব বলেন, আলেমদের পক্ষ থেকে সংবর্ধনা না দেওয়াটাই ভালো হতো। আর যদি সরকারপ্রধানকে সংবর্ধনা দিতেই হয়, এ সংবর্ধনা-অনুষ্ঠানে খুব সতর্কতার সঙ্গে বক্তব্য দিতে হবে। সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি হেফাজতের ১৩ দফা দাবির কিছু দফা যেন সরকার মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়, এ দাবিটি তুলতে হবে। যেমন পঞ্চম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা—এ জাতীয় কিছু দাবি তোলা যেতে পারে। সরকার যদি নির্বাচনকে সামনে রেখে আলেমদের আনুকূল্য পেতে চায়, তাহলে আমাদের উচিত সরকারের কাছে কিছু দাবি তুলে ধরা ও চাপ প্রয়োগ করা। বিশেষ করে ডিজিটাল আইনে ধর্মীয় অবমাননার নামে যে শাস্তি রাখা হয়েছে, সেখানে ব্লাসফেমি শব্দ ব্যবহার করা যেত—এ দাবিটিও সরকারের কাছে তোলা।
তিনি বলেন, স্বীকৃতির বিনিময়ে একেবারেই সরকারকে ধন্যবাদ না দেওয়া একটি বাস্তবতাপরিপন্থী অতি সতর্কতা। আর অতি সরলীকরণের কোনো কারণ নেই; কারণ ৫ মে’র রক্তক্ষরণ এখনো আমাদের হৃদয় থেকে মোছেনি। আমরা ভুলি নাই। আমাদের মামলাগুলোও তুলে নেওয়ার দাবি জানাতে হবে ও শহিদদের স্বীকৃতির দাবি জানাতে হবে।
আর সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বিতর্ক সম্পর্কে আলী হাসান তৈয়ব বলেন, আলেমদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের খুবই সতর্ক অবলম্বন প্রয়োজন। অনেক কিছুই গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে সমালোচনা করতে যেয়ে গিবতের পর্যায়েও চলে গেছে। এগুলো থেকে সতর্ক থাকা প্রয়োজন। বয়স ও অবস্থানের বিষয়টিও বিবেচনার বিষয়, যেন কেউ নিজ অবস্থান থেকে সীমালঙ্ঘ না করে, এটিই ইসলামের শিক্ষা, এটি আমাদের কাঁদা ছোড়াছুড়ির সময় নয়। স্বীকৃতিকে কীভাবে আমাদের ভবিষ্যত-নির্মাণে কাজে লাগানো যেতে পারে ও স্বীকৃতির বিপদসঙ্কুল পথ থেকে বাঁচা যায়, এটিই ভাবার বিষয়।
লেখক ও আরবিভাষা গবেষক মহিউদ্দীন ফারুকী বলেন, হেফাজতে ইসলাম ও শীর্ষ আলেমদের মাঝে এ বিচ্ছিন্নতা তৃতীয় একটি শক্তির ষড়যন্ত্রেরই অংশ মনে হচ্ছে। আলেমদের মাঝে বিভক্তি সৃষ্টির জন্য এ চক্রান্ত। এতে তারা সফল হওয়ার কারণ আলেমদের পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্নতা ও দূরত্ব বজায় রাখা। তারা হয়তো সংলাপ বা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে একে অপরের প্রতি আক্রোশের শিকার হয়ে এ কাজটি করছেন। তবে এ বিভক্তিটা ধারাবাহিক একটি কাজেরই অংশ বলে আমি মনে করি। আগেও এ ধরনের মতপার্থক্য ও মতভিন্নতা হয়েছে। তবে এবার এসব বিষয়গুলো মাঠপর্যায়ে ও মিডিয়ায় বিবৃতি দিয়ে হচ্ছে। এটাই আতঙ্ক ও শঙ্কার বিষয়।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ হেফাজত-নেতাদের কারও কারও সঙ্গে আর্থিক লেনদেনের যে অভিযোগগুলো বিভিন্ন মিডিয়া বা যোগাযোগ মাধ্যমে উঠেছে, এসব বিষয়ে তারা স্পষ্ট কোনো বক্তব্য দেননি, বরং অনেক প্রতিবাদমুখর সময়ে তারা চুপ থেকেছেন। এ চুপ থাকাকেই একটি মহল সুযোগ হিসেবে গ্রহণ করে চক্রান্তে লিপ্ত। তবে যা-ই হোক, আমি মনে করি নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্নতা বা সংলাপের অভাবেই এ সঙ্কট তৈরি হয়েছে। তাই নিজেদের মাঝে সরাসরি যোগাযোগ ও সংলাপের মাধ্যমে তাদেরকেই এসব থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে।
তরুণরা পক্ষ-বিপক্ষ নিয়ে এ বিতর্কে জড়িয়ে বড়দের সম্পর্কে বিরূপ মন্তব্য করছে, এ বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের মহলেও বাকস্বাধীনতা নামে বল্গাহীন কথাবার্তা ও বেয়াদবিমূলক আচার-ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। তরুণদের এসব বিষয় নিয়ে চুপ থাকা প্রয়োজন। কয়েক বছর যাবৎই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না। তরুণদের যদি একান্ত বড়দের সম্পর্কে অভিযোগ থাকেই, তারা সরাসরি একজন শিক্ষার্থী ও তালিবের ইলমের মতো তাদের কাছে গিয়ে বিষয়গুলো সম্পর্কে আদবের সাথে জবাবদিহিতা চাইতে পারে বা প্রশ্নগুলো তুলে ধরতে পারে; কিন্তু এভাবে সামাজিক যোগাযো গমাধ্যম ব্যবহার করে বেয়াদবিমূলক আচরণ পরিহার করা প্রয়োজন। বিশেষ করে কিছু কিছু ইসলামি ছাত্র-সংগঠনের নেতারা এ ক্ষেত্রে এগিয়ে আছে বলে মনে হয়। ভিন্ন মতাবলম্বীদের সহ্য করতে না পারা, অন্য দলের নেতাকর্মীদের নিয়ে তীর্যক মন্তব্য আমাদের আলেমসমাজের শৃঙ্খলা ভঙ্গ করছে। এ ধরণের আচরণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে না পারলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে।
