স্কাইপি বন্ধ, থেমে নেই তারেক

ফাতেহ ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে বিটিআরসি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি বন্ধ করে দিলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় দিনের মতো দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তা কোন মাধ্যমে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ (২০ নভেম্বর) সকাল ১০ টা থেকে চট্রগ্রাম বিভাগের ফেনী-১ আসনের মনোনয়াপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সাক্ষাৎকারে অংশ নেওয়া মনোয়নপ্রত্যাশীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কাজী মোহাম্মদ মফিজুর রহমান সাক্ষাৎকার শেষে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  কথা বলেছেন। ভিডিও কানেকশন কেটে গেলে কথা চালু রয়েছে অডিওতে। তিনি জানতে চেয়েছেন, দলে তার অবদান কী। একই সঙ্গে তিনি এলাকায় কাজ করার জন্য এবং আন্দোলনের অংশ হিসেবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন তার পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছেন বলে জানান এই মনোয়নপ্রত্যাশী।

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন, ধানের শীষে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।

স্কাইপি বন্ধ হওয়ার পর কোন মাধ্যমে তিনি যুক্ত আছেন, জানতে চাইলে তিনি বলেন, তিনি আছেন লন্ডন থেকে।  স্কাইপি নেই তাতে কী? পৃথিবীতে আরো বহু পদ্ধতি আছে। মেধাশক্তি থাকলে যেকোনো পদ্ধতিতে যুক্ত থাকা যায়।

ফেনী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মিনার চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় স্ক্রিনে আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। তিনি বলেছেন , মনোনয়ন বোর্ডে যে সিদ্ধান্ত হবে তা যেনো মেনে নিই এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি।

এর আগে ১৮ এবং ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপিতে যুক্ত থেকে দুই দিনব্যাপী দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে জানানো হয় নির্বাচন কমিশনকে। এরপর বিটিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি বন্ধ করে দেয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

দলীয় নেতারা বলছেন, সরকার একটি মাধ্যম বন্ধ করে দিলেও হাজারও মাধ্যম চালু হবে। ষড়যন্ত্র করে কার্যক্রম বন্ধ করা যাবে না।

মনোনয়ন বোর্ডে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ অনেকে।

আগের সংবাদখাশোগি হত্যার কথা এড়িয়ে গেলেন সালমান
পরবর্তি সংবাদপবিত্র কাবায় ভারতীয় পতাকা