
ফাতেহ ডেস্ক:
ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না দাবি করে, নির্বাচনে জামায়াত নয়, সবাই ধানের শীষের প্রার্থী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও তাদের সাতশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে জানিয়ে, এ অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে দাবি তার। আর মওদুদ আহমদ বলছেন, নির্বাচন কমিশন এখনও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও এপয়ৃন্ত গ্রেপ্তার হয়েছেন দলের প্রায় সাতশ নেতাকর্মী। তাই অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানান মির্জা ফখরুল।
নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতাসীন দল ৩০টির বেশি আসনে জিতবে না বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। জামায়াত সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে জামায়াতের নয়, সবাই ধানের শীষের প্রার্থী।
মওদুদ আহমদের অভিযোগ ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারছে না ইসি। সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতারা আচরণবিধি লংঘন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন।
বেশ কজন প্রশাসনিক কর্মকর্তা প্রত্যাহারসহ কোন অভিযোগই নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলেও অভিযোগ বিএনপির।
