
ফাতেহ ডেস্ক: দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল মঙ্গলবার বিকেলে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে প্রতিরক্ষা ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর চতুর্থবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের প্রথমদিন বুধবার, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে বৈঠক করবেন তিনি। দুই শীর্ষ নেতার এ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, সামরিক এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে।
এই সফরের সময়ে দুই দেশের বেসরকারি খাতেও বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ অক্টোবর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মক্কায় ওমরাহ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো আট হাজার রোহিঙ্গা তালিকা যাচাইবাছাই শেষে চুড়ান্ত করেছে মিয়ানমার।
