সমকালীন ঐতিহ্যবাদী সাহিত্যের গতি, প্রকৃতি ও অভিমুখ

সাবের চৌধুরী 

মানের বিবেচনায় আমাদের বর্তমান ইসলামি সাহিত্য অতীতের তূলনায় অনেকটা দূরত্ব অতিক্রম করেছে। এটা খুবই আশাব্যঞ্জক। তবে, আমার মনে হয় দূরত্ব অতিক্রমের চেয়ে এর সম্প্রসারণটা হয়েছে বেশি। নানা পরিসরে কাজ হচ্ছে। প্রযুক্তির এখানে বড় একটা দখল রয়েছে। সংবাদপত্র, নিউজপোর্টাল, মৌলিক ও অনুবাদ বই-পত্র, মাসিক পত্র-পত্রিকা এবং সোস্যাল মিডিয়াগুলোতে প্রতিদিনই দারুণ সব কাজ হচ্ছে।

ফেসবুক শব্দটা এখনও তেমন ওজনকে ধারণ করতে পারে নাই, এর কারণও আছে; কিন্তু, এখানে আমার দেখা মতে অনেকেই ভালো লিখছেন। এমন অনেকেই হয়তো আছেন, যারা এমনিতে লিখতেন না; কিন্তু, ফেসবুকের একটা সুবিধা হলো—এখানে লেখা তৎক্ষণাত প্রকাশিত হচ্ছে এবং মানুষের প্রতিক্রিয়া ও মতামতও পাওয়া যাচ্ছে সাথে সাথেই। এ সুবিধার কারণে অনেক তরুণ লেখার প্রতি আগ্রহী হচ্ছেন।

সবাই যে সুনির্দিষ্ট বিষয় নিয়ে তথ্যভিত্তিক তত্ত্বপূর্ণ লেখা লিখছেন, তা নয়; কিন্তু, এর ভেতর দিয়েও অনেক ভালো লেখা উঠে আসছে। বর্তমানে ইসলামি সাহিত্য বিবেচনায় নিতে হলে এ অংশটিকে উপেক্ষা করার সুযোগ আছে বলে মনে হয় না।

আরেকটা দিক হলো আমাদের নারীরা। ইদানিংকালে কিন্তু অনেক নারী লেখিকার অংশগ্রহণও লক্ষণীয়। যদিও তূলনামূলক এঁদের সংখ্যা এখন পর্যন্ত বেশ কম; কিন্তু, বাড়ছে।

কিছুদিন আগে একটি বই দেখলাম—মহানবী। মাজিদা রিফা নামে একজন লিখেছেন। বইটি উল্টে-পাল্টে দেখে আমার খুবই ভালো লেগেছে। গদ্য ঝরঝরে। বক্তব্য এবং উপস্থাপনাও সুন্দর সাবলীল। যদিও উপস্থিত টাকা না থাকায় এটি তখন সংগ্রহ করতে পারি নি।

এমনিভাবে বছর খানেক আগে হঠাৎ করে একটা পত্রিকা দেখলাম। বেশ বড় কলেবরে। সবগুলো লেখাই সাহাবিয়াদের নিয়ে এবং সবগুলো রচনা তৈরী করেছেন নারীরা। সম্পাদিকাও একজন নারী। পত্রিকাটির নাম ‘অপরাজিতা’। পরে অবশ্য আর বের হয় নি। কিন্তু, কাজটা দারুণ ছিল। আমি এর উপর একটা রিভিউ-ও লিখেছিলাম। বলতে চাচ্ছি, আমাদের সাহিত্যযাত্রায় আমাদের নারীদেরও সাথে নিয়ে আসা উচিত।

তো, সব মিলিয়ে একটা কর্মযজ্ঞ চলছে। এতে আমি খুবই আনন্দিত এবং আশাবাদি।

.
সমকালে একটা অভিযোগ হলো—উঠতি তরুণদের মধ্যে যারা সাহিত্য চর্চা করতে আসেন, তারা ইসলামি জ্ঞানগত দিক থেকে দুর্বল থাকেন। তাদের আমল এবং জীবনাচার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়টি নিয়ে এককাট্টা কোন মন্তব্য করা আসলে মুশকিল।

আমি মনে করি প্রথমে এখানের সংকটটি আমাদের বোঝা দরকার। একটা মাদরাসায় সকল ছেলেই কিন্তু সাহিত্য-সংস্কৃতিমনা হয় না। যারা হয়, তাদেরকে হাতে গোনা যায়। তাদের ভেতরে একটা আবেগ কাজ করে। মনন, বোধ, স্বপ্ন, ভাবালুতা, শব্দ ও বাক্যের বিদুৎবিভা—ইত্যাদির টানে তারা একটা অবিন্যস্ত সময়ের ভেতর প্রবিষ্ট হয়। এই সময়টা খুবই স্পর্শকাতর।

দেখুন, এই ছেলেগুলো কিন্ত মেধাবী হয়। ফলে, এঁদেরকে একদিকে যেমন বিশেষ মনোযোগী তারবিয়তের মাধ্যমে মূল ধারায় ধরে রাখা দরকার এবং মূল পড়া-শোনার ব্যাপারটায় গুরুত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা দরকার, অপরদিকে তাদের সে সাহিত্য-বেদনাকে বিকশিত হওয়ারও একটা পথ করে দেওয়াও জরুরী৷

কিন্তু, মুশকিল হলো—নিরেট সাহিত্যের বিচারে, ভাষা ও আলংকারিক দিক থেকে আমরা এখন পর্যন্ত ‘ইসলামি সাহিত্য’ নামে আলাদা কোন মানসম্মত ধারা গড়ে তুলতে পারিনি, এমনকি সাহিত্যের বিচারে যে বাঙলা ভাষার মূল স্রোতটি, আমরা সে পর্যায়েও পৌঁছুতে পারিনি। সুতরাং, বাধ্য হয়েই বাঙলা সাহিত্যের মূল ধারা থেকে তাদেরকে তাদের বয়স অনুযায়ী মাস্টারকপিগুলো পড়তে দিতে হবে।

এ জায়গাটিতে আমরা যৌক্তিক পরিমাণে আরো উদার হওয়ার কথা ভাবতে পারি। অন্যথায়, এই ছেলেগুলো একটা প্রতিকুল পরিস্থিতির শিকার হয়ে হারিয়ে যেতে পারে; বলি, যাচ্ছেও।

আমার জানামতে ব্যক্তিগত পরিসরে এ কাজটি অনেকেই করছেন। এবং আমরা দেখি বর্তমানে পড়ুয়া ও আমলে মজবুত অনেক তরুণও বেশ ভালো সাহিত্য করছেন। পর্যাপ্ত দিক-নির্দেশনা, সঠিক চিন্তার খোরাক এবং নিয়মিত খোঁজ-খবর রাখলে আমার ধারণা এতে ক্ষতির কিছু নাই। সাহিত্য শিখার জন্য আমরা আমাদের মাদরাসাগুলোতে ‘সাবয়ে মুআল্লাকাত’ কিতাবটি তো পড়াচ্ছি। অথচ, এর মধ্যে অনেক অশ্লীল কথা-বার্তাও আছে।

আমরা এ কাজটি এখন পর্যন্ত ঠিক-ঠাক করতে পারছি না। আমার মনে হয়, এ কারণেও অনেক তরুণ একটু দূরত্বে চলে যাচ্ছে এবং ইসলামি জ্ঞানগত ও আমলগত দিক থেকে দুর্বল হয়ে উঠছে।

.
ইসলামি অঙ্গন থেকে যারা সাহিত্য শিখতে আসছেন, অর্থাৎ, শিক্ষানবীস—এঁদের কারো মধ্যে আমি একটা বিষয় দেখি—তারা শুরুতেই ব্যাকরণ, শব্দের ব্যবহার, বাক্যের গঠন-বিন্যাস-মাধুর্য ইত্যাদির উপ অতিরিক্ত মনোযোগ দিয়ে থাকেন। ফলে, নিয়ম-কানুন হয়তো ভালো শিখেন, কিন্তু, তাদের অনেকেই বক্তব্য হাজির করতে পারেন না।

আমি কিন্তু এ বিষয়গুলোকে মোটেও অস্বীকার করছি না; কিন্তু, শুরুতেই এগুলোকে আলাদা একটি বিষয় বানিয়ে এসবের উপর মূল মনোযোগটা ধরে রাখলে সাহিত্য বিকাশের পথটি বাধাগ্রস্ত হয়। আমার কাছে মনে হয়, সাহিত্য শিখার ব্যাপারটা অনেকটা ভাষা শেখার মত ব্যাপার। আগে আপনাকে বলতে শিখতে হবে। ভুল-ভাল যা-ই হোক। বাকি বিষয়গুলো এর হাত ধরে ধীরে ধীরে আসবে। সাহিত্যের দিক-নির্দেশক ও প্রশিক্ষক যারা আছেন, তারা এ ব্যাপারটি আরো ভালো বলতে পারবেন।

.
সাহিত্য রচনায় বড় একটি বিষয় হলো—গদ্যের প্রকৃতি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কাউকে অনুকরণ করার একটা প্রবণতা আমি কারো কারো মাঝে লক্ষ করি। এ কাজটি আমার কাছে মনে হয় সঙ্গত নয়৷ প্রত্যেকের ভেতরে একটা আলাদা চিন্তাশক্তি আছে। ভাষার বিন্যাস সেই চিন্তা ও বোধ দ্বারা প্রভাবিত হয়। একে গুরুত্ব দেওয়া উচিত। আরেকজনের অনুকরণ করতে গেলে সেটি বাধাগ্রস্ত হবে, স্বাভাবিক।

ব্যক্তিগতভাবে আমি মনে করি—রবিন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বুদ্ধদেব, সৈয়দ আলী আহসান, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, আল মাহমুদ, গুণ, রফিক আজাদ, হুমায়ুন আহমদ, ছফা, যাযাবর, অধ্যাপক আখতার ফারুক, শরীফ মুহাম্মদ, যাইনুল আবিদীন, আবু তাহের মিসবাহ এমনকি শহিদুল জহির প্রমুখ সবার রচনাই পড়া উচিত।

এ সব কিছুর সংস্পর্শে আমার নিজস্ব গদ্যটি একটি সৌন্দর্যকে লাভ করবে। গদ্যের প্রকৃতি নির্মাণের বিষয়টিকে আদর্শিক চেতনা দিয়ে মূল্যায়ণ না করে নিরেট সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তাহলেই আমাদের গদ্যে ভরপুর শক্তি আসবে। এই সময়ে যে সকল তরুণ ভালো গদ্য সৃষ্টির চেষ্টা করছেন, তারা এ ব্যাপারটি ভেবে দেখতে পারেন৷

আল্লাহ আমাদের সহায় হোন।

আগের সংবাদসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা
পরবর্তি সংবাদভোটের আগে সিনহার বই প্রকাশ উদ্দেশ্যমূলক: কাদের