কোটা সংস্কারের আন্দোলন, সঙ্কট ও সম্ভাবনা

জুনায়েদ ইশতিয়াক

কোটা সংস্কারের আন্দোলন কেন?

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিতে সারা দুনিয়ায় কোটা সংরক্ষণ করা হয়। সমতার ভিত্তিতে কোনও দেশকে উন্নত করতে কোটা জরুরি। বাংলাদেশেও এই ব্যবস্থা থাকা স্বাভাবিক। তাহলে কোটা নিয়ে এতো বিতর্ক কেন, কেন আন্দোলন?

বিশেষজ্ঞদের মতে, কোটা ব্যবস্থা যেহেতু পিছিয়ে পড়াদের জন্য গঠিত, তাই পাঁচ-দশ বছরের মধ্যে একে পরিবর্তন করা জরুরী। অন্তত পর্যালোচনায় আনা জরুরী। নতুবা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ জন্ম নেওয়া খুবই স্বাভাবিক। বিশেষত বর্তমানে মুক্তিযুদ্ধ-কোটাধারীরা পিছিয়ে আছেন, এটা বলার খুব বেশী সুযোগ নেই। তবে আহত বা দরিদ্র মুক্তিযোদ্ধাদের বিশেষ সুযোগ দেওয়া যেতে পারে।

এই আন্দোলন কেন যৌক্তিক ?

সরকারি চাকরিতে কোটা বাতিল চায় না কেউ, তবে বিদ্যমান পদ্ধতির সংস্কার চায় সবাই। সরকার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এবং কোটা সংস্কারে কোনও ধরনের উদ্যোগ না নেওয়ায় নতুন করে সংস্কারের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। আর কোটা সংস্কারের উদ্যোগ না নিলে বা সংস্কার না করা হলে ছাত্রদের আন্দোলন থামানো যাবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান/নাতি-নাতনি কোটা ৩০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, নারী কোটা ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পাঁচ শতাংশ। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। তবে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বিভিন্ন করপোরেশন ও দফতরে সরাসরি নিয়োগে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুনঃনির্ধারণ করা হয়। এই কোটা সংস্কার করে যৌক্তিকভাবে বণ্টন করা উচিত বলে মনে করেন আন্দোলনকারী ও সাধারণ ছাত্ররা। এ কারণে তারা বিগত সময়ে ১০ শতাংশ কোটা বহাল রেখে বিদ্যমান পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন। তবে চলমান আন্দোলনে যুক্ত আন্দোলনকারী ও সাধারণ ছাত্ররা এ দাবি থেকেও আরও খানিকটা সরে এসেছেন। তারা বলছেন, সরকার যৌক্তিকভাবে কোটা পদ্ধতিতে সংস্কার আনুক আমরা সেই দাবিই জানিয়ে আসছি।

সরকার কি ভাবছে?

সরকারের নানান স্তর থেকে নানান রকম বক্তব্য উঠে আসছে। ফলে সরকার কি ভাবছে, এটা নিশ্চিত করে বলা খুব কঠিন। সরকারের মধ্যেও কেউ কেউ মনে করেন, কোটার আবেগকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না দিয়ে সীমিত পর্যায়ে হলেও সংস্কার করা উচিত। পরিকল্পনামন্ত্রী মুস্তাফা কামাল বলেন, ‘আমার মনে হয় সবাই উইন উইন সিচুয়েশনে থাকবেন। কারো প্রতি একতরফা কিছু হবে না। উইন উইন সিচুয়েশনে থাকবে সরকার ও কোটা আন্দোলনকারীরা।’

তবে সরকার আন্দোলনের মাধ্যমে নয়, প্রশাসনিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চেয়েছে। তবে এতে একটা বড় সময় লেগে যাবে। প্রশাসনের জন্য দ্রুত কোন সিদ্ধান্তে পৌছানো কঠিন। তবে আন্দোলনের মাধ্যমে চাপ দিয়ে দাবী আদায় করার চেষ্টাকে সরকারের অনেকেই ভালো চোখে দেখছেন না।

প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক কয়েক বক্তব্যে এটিই উঠে এসেছে। নির্বাচনের বছর সহিংসতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক কোন পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই আন্দোলনটা এখন বেগবাগ করছেন তারা, সরকারের একাংশ এমনই আশঙ্কা করছেন।

কিছু কঠিন প্রশ্ন

কোটা সংস্কার হয়ে গেলেও কিছু প্রশ্ন থেকেই যাবে। এই ইস্যুতে সরকারের সাথে আন্দোলনকারীদের একটা দূরত্ব থেকেই যাবে। সে দূরত্ব কোথায় গিয়ে ঠেকে, তা এখনো বলা যাচ্ছেনা। কোটাপ্রথার সংস্কার হলেও যদি বিশেষ কোন বিসিএস পরীক্ষা বা বিশেষ নিয়োগ চালু করা হয়, তাতে কোটা কোটা বিলোপ করে বা সংস্কার করেও খুব বেশী ফায়দা নেই। তাতে দেখা যাবে, বিশেষ পরীক্ষা বা নিয়োগের মাধ্যমে সুবিধাপ্রাপ্তরা সাধারণ ছাত্রদের জায়গা দখল করেই নিচ্ছে।

একইভাবে এখনো পর্যন্ত সরকারী কঠোরতায় পরীক্ষায় দুর্নীতি না হলেও কোটা সংস্কারের পর এই কঠোরতা কমে আসলেও অবাক হবার কিছু থাকবেনা। বিশেষত সরকারপন্থীরা আন্দোলনকারীদের ক্ষমতার জোরে পরীক্ষায় যোগদানে বাঁধারও সৃষ্টি করতে পারে।

সমাধান নিয়ে সংশয়

বিসিএসে আগ্রহী হবার বেশ কয়েকটি কারণ আছে। এর অন্যতম হচ্ছে, বেসরকারী সেক্টরে স্থায়ী ও নিরাপদ চাকরীর সংখ্যা খুবই কম। একইভাবে সেখানে ক্ষমতা ও সুবিধাও কম। তবে মেধাবীদের একটা বড় অংশ সরকারী চাকরীতে ঢুকে যাওয়াকে অনেকেই ভালো চোখে দেখছেন না। অনেকের মতে এটি কোন সমাধান নয়। মেধাবীদের অনেকের সরকারী চাকরীতে ঢুকার আপ্রাণ চেষ্টা প্রমাণ করে দেশের কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। বেসরকারী উদ্যোগেও আস্থা নেই তরুণদের। ফলে কর্মসংস্থানের সমাধান নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আগের সংবাদকোটা বাতিল নয়, সংস্কারের প্রজ্ঞাপন চাইলো ছাত্র ইউনিয়ন
পরবর্তি সংবাদসাভারে বাসচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের