
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে দু’বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই রাজনৈতিক বিশ্লেষকের মতে দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা যেখানে বেগম জিয়া থাকবেন এমিরেটাস চেয়ারপারসন।
গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা মনে করেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ।
তিনি বলেন, বিলেতে থেকে যোগাযোগ করে লাভ নেই। ফোন ইন্টারসেপ্ট হয়। আমি তো মনে করি তারেক রহমানের ২ বছরের জন্য অব্যাহতি নেয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুন। পরে আসলে উনি দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৩০শে ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদও দিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের কেউ কেউ। ডা. জাফরুল্লাহও এই মতকে সমর্থন করে বক্তব্য দিলেন।
