তাবলিগের সাথিদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ

ফাতেহ ডেস্ক:

তাবলিগের সাথিদের উপর হামলা ও সংঘর্ষের পর এবার ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক ৩ ঘণ্টা অবরোধ করেছেন কওমি মাদরসার ছাত্ররা।

সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীরের অপসারণসহ ৫ দফা দাবিতে এ অবরোধ করেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের টিএ রোড অবরোধ করে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা।

শহরের টিএ রোডের কান্দিপাড়া মাদরাসা মোড়ে অবস্থান নিয়ে দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ছাত্ররা। এতে শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার কওমি মাদরাসা ও মাওলানা সাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। সেই হামলায় তাবলিগ কর্মীদের সহায়তার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা রেজাউল কবীরের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, শুক্রবার রাতে সাদপন্থীদের হামলায় সুপরিকল্পিতভাবে সহযোগিতা করেছেন সদর সার্কেল রেজাউল কবীর। হামলায় সহযোগিতার কারণে আমরা তার প্রত্যাহার চাই।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সাদপন্থী নেতা মাওলানা আনিছুর রহমানকে গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়া মারকাজকে সাদ অনুসারী মুক্ত করা, শুক্রবারের হামলার সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের ক্ষতিপূরণও দাবি করেন কওমি ছাত্ররা।

পরে দুপুর আড়াইটার দিকে মিছিল করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অবরোধ প্রত্যাহার করেন তারা।

আগের সংবাদসোমবারের মধ্যে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিবে বিএনপি
পরবর্তি সংবাদভোট কেন্দ্রে ইভিএম পরিচালনা করবে সেনাবাহিনী