আট দিন পর কাজে ফিরলেন পোশাক শ্রমিকেরা

ফাতেহ ডেস্ক

আট দিনের অসন্তোষের পর সাভার-আশুলিয়া এখন শান্ত। নতুন বেতন কাঠামো ঘোষণার পর আজ থেকে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। শুধু সাভার-আশুলিয়া নয়, রাজধানীর উত্তরা, মিরপুর, বাড্ডার কারখানাগুলোতে কাজে ফিরতে দেখা গেছে শ্রমিকদের।

টানা আন্দোলনের পর আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন কারখানার মালিকরা। এদিকে, মজুরি বৃদ্ধির দাবি মালিক পক্ষ মেনে নেয়ায় সন্তুষ্ট শ্রমিকরা। তবে কারখানাগুলোর সামনে এখনও বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। নতুন কাঠামোয় প্রথম গ্রেডের একজন কর্মী এখন থেকে সব মিলিয়ে ১৮ হাজার ২৫৭ টাকা বেতন পাবেন।

২০১৮ সালে নতুন মজুরি কাঠামোর গেজেটে তা ১৭ হাজার ৫১০ টাকা করা হয়েছিল। দ্বিতীয় গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা। এছাড়া সপ্তম গ্রেডের মজুরি আগের গেজেটের মতোই আট হাজার টাকা রাখা হয়েছে।

২০১৩ সালের কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল ৫৩০০ টাকা। নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা ৮ দিন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

আগের সংবাদঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ষষ্ঠ শ্রেণির ছাত্র
পরবর্তি সংবাদ‘আলোচ্যসূচি জানার পরই সংলাপের বিষয়টি বিবেচনা করবে ঐক্যফ্রন্ট’