
ফাতেহ ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে।
এ সময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যা নাশকতার কাজে তিনি ব্যবহার করতেন। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানান এসপি। তবে ঢাকার কোন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানাননি পুলিশ কর্মকর্তারা।
