
ফাতেহ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় স্কুল ড্রেস না পড়ে আসায় মেহেদী হাসান সাগর (১৫) নামে এক ছাত্রকে পিটিয়ে জখম করেছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমের মধ্যে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী হাসান সাগর বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের মহিনুর রহমানের ছেলে। সে ওই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনেরা।
আহত শিক্ষার্থী ও স্বজনেরা জানায়, স্কুলের শিক্ষকরা তাকে স্কুল ড্রেস বানানোর জন্য সাতদিনের সময় দেন। অভাবের সংসারে অনেক কষ্ট করে ছেলেকে একটি স্কুল ড্রেসের শার্ট বানিয়ে দেন।
ঘটনার দিন সকালে স্কুল ড্রেসের প্যান্ট ছাড়া শার্ট পরে স্কুলে যাওয়ার কারণে স্কুলের প্রধান শিক্ষক তাকে ক্লাস রুম থেকে ডেকে নেন। এরপর স্কুলের ল্যাব রুমের মধ্যে তাকে পশুর মতো পিটিয়ে গুরুতরভাবে জখম করেন।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে জানান,‘যা করেছি তার মঙ্গল ও ভালোর জন্য করেছি’। এ ছাড়া আর কোন কথা বলতে চাননি তিনি।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
