ইসলামী আইনেই ঠেকানো যেতে পারে সড়ক দুর্ঘটনা : বিশেষজ্ঞদের মতামত

ওমর ফারুক:

কোনোভাবেই  কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যু। প্রায় প্রতিদিনই ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন বহু মানুষ। সঠিক মনিটরিংয়ের অভাব ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে অধিকাংশ তদন্তে বের হয়ে এসেছে। তবে প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ মারা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই চালক বা মালিকের উপযুক্ত শাস্তির কোন নজির নেই। পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদাসীনতার পাশাপাশি  দোষী চালক ও মালিকদের বিষয়ে কঠোর শাস্তির আইন না থাকায় সড়ক দুর্ঘটনা কমছে না বলে অভিমত ইসলামি আইনবিদ ও বিশেষজ্ঞদের।

তারা মনে করছেন, সড়ক দুর্ঘটনার পেছনে অধিকাংশ ক্ষেত্রে চালকরাই দায়ী। চালকদের দায়িত্বহীনতার কারণেই সড়কে প্রাণ যাচ্ছে বহু নিরীহ মানুষের। তবে সড়ক দুর্ঘটনা রোধে ইসলামি আইন কার্যকর করা হলে এর পরিমাণ কমে আসবে বলেও তারা মতামত দিয়েছেন । অনেক মুসলিম দেশেই সড়ক দুর্ঘটনা রোধে ইসলামি আইন কার্যকর রয়েছে। যার কারণে সেসব দেশে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকাংশেই কম।

সৌদি আরবেও সড়ক দুর্ঘটনা রোধে ইসলামি আইন কার্যকর রয়েছে। এ ক্ষেত্রে চালককে দিতে হয় মোটা অংঙ্কের জরিমানা। সৌদি আরবে এ আইনের কার্যকারিতার বিষয়ে জানিয়েছেন সৌদি প্রবাসী ও দাঈ শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেন, বাস চালকদের বেপরোয়া গাড়ি চালানো নতুন কিছু নয়। চালকের উপযুক্ত বিচার কখনোই হয় না। এভাবে চলতে থাকলে এই ধরণের হত্যাকাণ্ড বন্ধ হওয়ার আশা করাও অন্যায্য। সৌদিতে গাড়ি চাপায় কেউ মারা গেলে সেটাকে হত্যাকাণ্ড ধরা হয়। ইসলামি শরিয়া অনুযায়ী ‘ক্বাতলে খাতা’ বা ভুলবশত হত্যার বিচার হলো, চালককে প্রতিজন নিহতের পরিবারকে একশত উটের মূল্য (৩লক্ষ সৌদি রিয়াল বা ৬২লাখ টাকা) ক্ষতিপূরণ দিতে হয়। এই টাকা শুধু অভিযুক্ত ব্যক্তিই দেয় না। তার পরিবার, বংশ ও নিকটজনদেরও এর ভার বহন করতে হয়। আদায় না করা পর্যন্ত জেলে থাকার কোনো বিকল্প নাই। যতো বড় প্রভাবশালীই হোক না কেন কখনো এর ব্যত্যয়  ঘটেনা। সেজন্য গড়ি চাপা দিয়ে মানুষ হত্যার ঘটনা সৌদিতে বিরল।’

একই কথা বলেছেন রাজধানী চোধুরী পাড়ার শেখ জনুরুদ্দীন মাদরাসার মুহাদ্দিস, নূর মসজিদের ইমাম ও খতীব মাওলানা খুরশিদ আলম কাসেমী। তিনি বলেন, মাতলামি করে বা প্রতিযোগিতামূলক গাড়ি চালিয়ে মানুষ হত্যা অনেকটা ইচ্ছাকৃত হত্যার মাঝেই পড়ে। সে হিসেবে হত্যার বিনিময়ে হত্যাই হওয়া উচিত। তবে যেহেতু বাংলাদেশে ইসলামি আইন কার্যকর নয় বা ইসলামি রাষ্ট্র নয় তাই আপাতত অন্তত জরিমানার মাত্রাটা চালকের ওপর অনেক বেশি হওয়া প্রয়োজন ও যথাযথভাবে সেটা কার্যকর করাও জরুরী। এতে দুর্ঘটনার মাত্রা কমে আসবে, চালকরাও সতর্ক হবে।

সড়ক দুর্ঘটনা রোধে কী করা যায় সে বিষয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ার গ্লোবাল ইউনিভার্সিটি অব ইসলামিক ফাইন্যান্সে ( ইনসিএফ ) বিশ্ববিদ্যালয়ে ইসলামি অর্থনীতি বিষয়ে পিএইচডিরত প্রখ্যাত আলেম মুফতি ইউসুফ সুলতান। তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে সর্বপ্রথম আল কুরআনের নির্দেশনাকে মেনে চলতে হবে। ইসলাম সকল ক্ষেত্রেই উপযুক্ত ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের ব্যাপারে নির্দেশ দিয়েছে। যোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলেই ফাসাদ তৈরি হয়। আর কুরআনুল কারীমের অনেক জায়গায় ফাসাদ সৃষ্টি হয় এমন সকল কাজ থেকে বারণ করা হয়েছে।

‘লাইসেন্স বিহীন ড্রাইভার বা ফিটনেসবিহীন গাড়ি এগুলো সবই ফাসাদের অন্তর্ভুক্ত। এই ফাসাদের চর্চা থেকে বিরত থাকতে হবে।’ তিনি বলেন, ভালো ড্রাইভার মানে শুধু ভালোভাবে গাড়ি চালানোই নয়। ভালো ড্রাইভার মানে যিনি অন্যান্য গাড়ি চালকদের সহকর্মীর মতো মনে করে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে গাড়ি চালাবেন। এটাকে রেসপন্সিবেল ড্রাইভিং তথা দায়িত্বশীল ড্রাইভিং বা সেইভ ড্রাইভিং তথা নিরাপদ ড্রাইভিং বলে। এ বিষয়গুলো আমাদের ড্রাইভারদের লক্ষ্য রাখতে হবে। তাদের প্রশিক্ষণ ও সচেতনতার জায়গাটা তৈরি করতে হবে। এগুলোর পরই ড্রাইভারদের ভুল ও শাস্তির ব্যাপারটি নির্ধারিত হবে। অবস্থা ভেদে  তাদের জন্য বিভিন্ন শাস্তি নির্ধারিত হবে। তবে রাষ্ট্রকে অবশ্যই এসব শাস্তি বাস্তবায়ন সুনিশ্চিত করতে হবে।

তবে এ বিষয়ে একটি আন্তর্জাতিক ফতোয়া রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাইনান্স একাডেমি ও কলসালটেন্সি এর সমন্বয়ক মুফতি আবু সাঈদ যোবায়ের। তিনি বলেন, আন্তর্জাতিক ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি কর্তৃক পরিচালিত ইসলামি ইত্তেফাক ফোরাম (ইসলামি ফেকাহ একাডেমি জেদ্দা) ৯০ এর দশকে এ বিষয়ে একটি রেজুলেশন করে রেখেছে। সেখানে তারা ইসলামি শরিয়ার দৃষ্টিকোণ থেকে সড়ক দুর্ঘটনার শাস্তি ও ক্ষতিপূরণ কী হবে, এ প্রসঙ্গে বিস্তারিত ফতোয়া দিয়েছেন। রেজুলেশনের সারমর্ম হচ্ছে, যিনি সরাসরি এ অপরাধের সঙ্গে জড়িত তাকে শরিয়তের দৃষ্টিতে মুবাশির বলা হয়। মুবাশির ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন, তিনি বিচারের মুখোমুখি হবেন ও রাষ্ট্র তার থেকে এ ক্ষতিপূরণ আদায় করে নিবে এবং এ অর্থ আদায় করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে বা তার পরিবারকে হস্তান্তর করবে।

‘তবে জরিমানার পরিমাণ কী হবে রাষ্ট্রগুলো তাদের বিবেচনায় এর পরিমাণ নির্ধারণ করবে অথবা দু’পক্ষ তারা নিজেরাই আলোচনার মাধ্যমে এর পরিমাণ নির্ধারণ করে নিবে। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবিকে প্রাধান্য দিতে হবে। তবে বিচারের ক্ষেত্রে কোনো ধরণের বৈষম্যমূলক আচরণে যাওয়া যাবে না।’ মুফতি আবু সাঈদ যোবায়ের আরও বলেন, ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে গাড়ির মালিক আদায় করলেও হবে। এ ক্ষেত্রে দুজনই সতর্ক হবে। দক্ষ চালক নিয়োগের ক্ষেত্রেও এটি বিশেষ  ভূমিকা রাখবে।

আগের সংবাদপর্যবেক্ষক দল কয়লা উধাওয়ের সন্তোষজনক ব্যাখ্যা পায়নি
পরবর্তি সংবাদআফগানিস্তানে ৪০ সরকারি কর্মচারিকে জিম্মি