
ফাতেহ ডেস্ক
প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম তিন কোটি ১০ লাখ ডলার থেকে কমিয়ে দেড় কোটি ডলার করার দাবি মোবাইল অপারেটরদের। তাদের দাবি, এতে বাড়বে গ্রাহক সেবার মান।
বিশ্লেষকরাও বলছেন, দাম কমালে বাড়বে বিক্রি এবং রাজস্ব আহরণ। অপারেটরদের দাবি যৌক্তিক হলে তরঙ্গের দাম কমানোর প্রস্তাব করবেন বলে আশ্বাস দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান।
মোবাইল ফোনে কথা বলা, ক্ষুদে বার্তা পাঠানো ও ইন্টারনেট ব্যবহারে গ্রাহক সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কলড্রপ ও ইন্টারনেট ব্যহারের গতিসহ অন্যান্য সেবার মানও নির্ধারণ করে দেয়া হয়েছে। যা নিশ্চিত না করলে জরিমানা গুণতে হবে অপারেটরদের। তবে সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে তরঙ্গের উচ্চ দাম বড় প্রতিবন্ধকতা- বলছে মোবাইল ফোন অপারেটররা।
অপারেটরদের গড়ে তরঙ্গ রয়েছে ৩৫ থেকে সর্বোচ্চ ৫০ মেগাহার্টজ। যা প্রতিবেশি দেশগুলোর চেয়ে কম এবং মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নয়। আর দাম বেশি হওয়ায় বিনিয়োগের বড় অংশই চলে যায় তরঙ্গ কিনতে।
তরঙ্গের দাম কম হলে অপারেটররা আরো বেশি বিনিয়োগে উৎসাহিত হবে বলেও আশা করেন সংশ্লিষ্টরা।
