
ওমর ফারুক:
আসামে ৫০ লাখ বাংলাদেশী অবৈধ অভিবাসী আছে দাবী করে ভারত ভিত্তিক বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি ) এর সাবেক নেতা প্রবীণ তোগাড়িয়া হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি তাদের ফিরিয়ে নিতে অস্বীকার করে তাহলে ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে নেওয়া। তার এমন বক্তব্যে হইচই পড়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেওয়ার এমন দুঃসাহস কোথায় পেলেন এ হিন্দু নেতা, তার এ বক্তব্যের উৎসই বা কী, প্রশ্ন বাংলাদেশের ইসলামি রাজনীতিবিদদেরও। ফাতেহ২৪ এর সঙ্গে ফোনালাপে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ইসলামি দলগুলোর কয়েকজন নেতা। সেই সঙ্গে তারা এ বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের চেষ্টা বলেও মন্তব্য করেছেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, যে নেতা এ বক্তব্য দিয়েছেন তাকে আমি মানসিকভাবে বিকারগ্রস্থ বলে মনে করি। তার রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে কোনো জ্ঞান নেই। ভারত সরকারের উচিত তার চিকিৎসার ব্যবস্থা করা। এ ধরণের মানুষ ভারতের জন্যও বিপদজনক।
‘আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, সামরিক শক্তির দিক দিয়ে দুর্বলও হতে পারি, তবে ভারত এ ধরণের কোনো উদ্যোগ নিলে আমরা ক্যান্সারে রূপ নিবো। বাংলাদেশে হস্তক্ষেপ চেষ্টার অর্থ হচ্ছে তাদের নিজের ধ্বংস নিজেরাই টেনে আনা।’ তিনি যোগ করেন।
‘আসামের বাঙ্গালি মুসলমানদের নাগরিকত্ব বাতিল করার চেষ্টা বিষয়ে তিনি বলেন, ভারতের মুসলমানরা রোহিঙ্গা নয় যে আসামের ৫০ লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করা এতো সহজ হবে। ভারত ও মিয়ানমারের মুসলমানদের মাঝে অনেক পার্থক্য আছে। চিন্তা, সাহসিকতা ও ঈমানি শক্তির দিক দিয়ে আছে অনেক পার্থক্য। ফলে এ ধরণের ভুল ভারত করবে বলে আমি মনে করি না।
জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মহাসচিব মুফতী শেখ মুজিবুর রহমান বলেন, ভারতীয় এ হিন্দু নেতার বক্তব্য বাংলাদেশের ওপর নগ্ন হস্তক্ষেপের চেষ্টা। এটা তার ক্ষমতা বর্হিভূত বক্তব্য। তার বিরুদ্ধে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। বাংলাদেশের নতজানু কূটনীতির কারণেই এমন বক্তব্য দান সম্ভব হয়েছে। বাংলাদেশ সরকারের ভারতের কাছে তাকে গ্রেফতার করার আহ্বান জানানো উচিত।
অপরদিকে ভারতীয় এ হিন্দু নেতার বক্তব্যকে আমলে নিতে নারাজ ন্যাশনাল মুভমেন্টের প্রেসিডেন্ট মুহিব খান। তিনি বলেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ও ভারতমুখী রাজনীতির কারণেই ভারতীয় একজন নেতার এ ধরণের মন্তব্য করার করার সাহস হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আত্মসম্মান ও আত্মমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত। তা না হলে ভারতীয়দের এ ধরণের বাংলাদেশ বিরোধিতার প্রবণতা বাড়বে। তিনি বলেন, এছাড়া ভারত যে সকল অন্যায় ও বেইনসাফি সুবিধা বাংলাদেশ থেকে ভোগ করছে তা থেকেও বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। নিজেদের আত্মমর্যাদা ও অর্থনীতিকে ধ্বংস করে ভারতের সঙ্গে এ সম্পর্ক রাখার কোনো অর্থ নেই।
প্রসঙ্গত ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, ভারতের গৌহাটিতে বুধবার এক সভায় তোগাড়িয়া এসব কথা বলেন। আসামে দুই মাস তোগাড়িয়ার সভা আয়োজন নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে এই সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ তোগাড়িয়া বলেন, আসামে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। গত দুই বছরে মাত্র ১৭ জনকে দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ এদের ফেরত নিতে অস্বীকার করলে ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের ভূমি দখল করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া।
