
ফাতেহ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
তবে রাজনীতি থেকে অবসর নেয়ায় এবার নির্বাচনে অংশ নেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই নতুন সরকারের অর্থমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ দেখা দিয়েছে।
অর্থমন্ত্রী হিসেবে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উল্লেখযোগ্য।
তবে সবাইকে চমক লাগিয়ে আবুল মাল আবদুল মুহিতকেও টেকনোক্র্যাট কোটায় রেখে দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটিও শোনা যাচ্ছে।
সরকারের ঊর্ধ্বতন মহলের মতে, অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পদ এবং এ মন্ত্রণালয়ের অধীনে অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে। একটি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় নীতি সংস্কার ও প্রয়োগের দিকটি গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে তত্ত্বীয় জ্ঞানের তুলনায় ব্যবহারিক বা বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন কাউকেই নতুন অর্থমন্ত্রী বানানো জরুরি।
এ ক্ষেত্রে বর্তমান অর্থমন্ত্রীকে রেখে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বর্তমান সরকারের গত দুই মেয়াদে টানা দশটি বাজেট ঘোষণা করেছেন মুহিত। একাদশ জাতীয় সংসদে মহাজোট যে উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তাতে মুহিতের অবদানও কম নেই।
তবে অনেকেই অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে আমলাদের আর চাইছেন না। ফলে পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালও বেশ এগিয়ে রয়েছেন।
এদিকে অর্থমন্ত্রী আবদুল মুহিত সম্প্রতি বলেছেন, পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে তার ডেপুটি অর্থাৎ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আসতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, আগামী ৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে। দু’একদিনের মধ্যেই নির্বাচিত এমপিদের গেজেট জারি করবে নির্বাচন কমিশন। এরপর স্পিকার তাদের শপথ পড়াবেন।
