ইসতিকলাল মসজিদ পরিদর্শন করে উচ্ছ্বসিত মোদী

ফাতেহ ডেস্ক: মঙ্গলবার (২৯ মে) থেকে পাঁচ দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ইন্দোনেশিয়া সফর করছেন।

ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম ও তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ইন্দোনেশিয়া সফরে মোদী সাক্ষাত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। জোকো ও মোদী দু’জনই ২০১৪ সালে নিজ নিজ দেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছেন।

ইন্দোনেশিয়া সফরের অংশ হিসেবে মোদী বুধবার (৩০ মে) বেলা ১২টার দিকে পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ইসতিকলাল মসজিদ। মসজিদ পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মসজিদ পরিদর্শন শেষে মোদী টুইট করে জানান, বিশ্বের বৃহত্তম মসজিদ ইসতিকলালে এসে তিনি উচ্ছ্বসিত।

ইন্দোনেশিয়া ১৯৪৫ সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার অর্জনকে স্মরণীয় করে রাখতে দেশটি স্বাধীনতা মসজিদ নামে একটি মসজিদ তৈরি করে, যা ইসতিকলাল মসজিদ নামে সুপরিচিত। ইসতিকলাল আরবি শব্দের অর্থ স্বাধীনতা।

ইসতিকলাল মসজিদ স্থাপনের প্রস্তাবক হলেন ইন্দোনেশিয়ার প্রথম ধর্মমন্ত্রী ওয়াহিদ হাশিম এবং আনোয়ার চক্রমেনিতো। আনোয়ার পরবর্তীতে ইসতিকলাল মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালে ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ মসজিদ স্থাপনের প্রস্তাব সানন্দে গ্রহণ করেন এবং মসজিদ নির্মাণ কাজ অতি দ্রুত শুরু করার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট সুকর্ণের প্রস্তাবে ইসতিকলাল মসজিদের স্থান হিসেবে ইন্দোনেশিয়ার বিখ্যাত চার্চ ‘জাকার্তা ক্যাথেড্রাল’-এর কাছে মারদেকা স্কয়ারকে বেছে নেওয়া হয়। মসজিদ নির্মাণে ১৭ বছর সময় লাগে। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট সুহাত্রো ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ হিসেবে ইসতিকলাল মসজিদের উদ্বোধন করেন।

২০১৩ সালে এই মসজিদটি দক্ষিণপূর্ব এশিয়ার বৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করে। মসজিদটিতে একসঙ্গে ২ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

অসাধারণ নির্মাণশৈলিতে নির্মিত মসজিদটিতে ৭টি প্রবেশ পথ রয়েছে। মসজিদের প্রধান গম্বুজটি অর্ধচন্দ্র-তারা দ্বারা সুশোভিত। মসজিদের গম্বুজগুলো- ১২টি স্তম্ভের ওপর স্থাপিত। ১২ সংখ্যা দ্বারা নবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিবস ১২ রবিউল আউয়ালকে বুঝানো হয়েছে। মসজিদটি ৫ তলা বিশিষ্ট একটি ভবন।

মসজিদের গম্বুজের ব্যাস ৮ মিটার। ৮ মিটার ইন্দোনেশিয়ার স্বাধীনতার মাস আগস্ট মাস তথা বছরের ৮ম মাসকে বুঝানো হয়েছে। মসজিদের কেবলার দেয়াল আল্লাহ, মুহাম্মদ আর সূরা ত্বহার ১৪ নম্বর আয়াতের ক্যালিওগ্রাফি দ্বারা সুশোভিত।

মসজিদের একটি মিনার আল্লাহর একত্ববাদকে নির্দেশ করে, আর মিনারের দৈর্ঘ্য ৬ হাজার ৬৬৬ মিটার। যা পবিত্র কোরআনের ৬ হাজার ৬৬৬ আয়াতকে নির্দেশ করে।

মসজিদের নিচতলায় রয়েছে একটি মাদরাসা ও অনুষ্ঠান হল। মসজিদের দক্ষিণভাগ ফুল বাগান দ্বারা বেষ্টিত। মসজিদটির পাশে রয়েছে ৪৫ মিটার সুউচ্চ ঝর্ণা। মসজিদের পুর্ব পাশ দিয়ে সিলিং নদী প্রবাহিত।

মসজিদের ইসতিকলাল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এক স্থানের নাম। নরেন্দ্র মোদীর আগে বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, ইংল্যান্ডের প্রিন্স চার্লস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সৌদি বাদশাহ সালমান, ইরানের মাহমুদ আহমাদিনেজাদ ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ইসতিকলাল মসজিদ পরিদর্শন করেছেন।

আগের সংবাদনড়াইলের মামলায় খালেদার জামিন শুনানি ৫ জুন
পরবর্তি সংবাদনিরাপত্তা পরামর্শক নিয়োগ খরচ ১৪শ’ কোটি টাকা