‘কুরবানি’র জন্য কুরবানি : ভারতে ইবাদতের জন্য লড়াই

মুনশী নাঈম:

ভারতে ধর্মীয় দিক থেকে সম্পূর্ণ পরস্পরবিরোধী দুটি সমাজ মুসলমান ও হিন্দুর বসবাস। মুসলমানদের গরু কুরবানিকে ‘গো-হত্যা’ বলে অভিহিত করে হিন্দুরা। এই ‘গো-হত্যা’ থামাতে পুরো ভারতজুড়ে বিজেপি, আরএসএস এবং শিবসেনার নেতৃত্বে কাজ করছে বিভিন্ন ‘গো রক্ষক’ সংঘ। ‘গো রক্ষা’র দাবিতে কয়েক বছর আগে ঈদুল আজহার সময় পদত্যাগ করেছিলেন দক্ষিণ ভারতের তেলঙ্গানার রাজ্যের বিজেপির এক বিধায়ক। বিজেপির আরেক নেতা রঞ্জিত শ্রীবাস্তব বলেছিলেন, মুসলমানদের বাড়িতে গরু থাকার অর্থই ‘লাভ জিহাদ’। ফলে কুরবানির মতো বড় একটি ইবাদাত করতে গিয়ে লড়াই করতে হয় ভারতীয় মুসলমানদের। কুরবানি এলেই ‘গো-রক্ষা’র অজুহাত তুলে শুরু হয়ে যায় তাদের ওপর আক্রমণ, চাপ, নিষেধাজ্ঞা। এমনকি হিন্দু ‘গো-মাফিয়া’দের হস্তক্ষেপে বেড়ে যায় পশুর দামও।

হিন্দুরা গরুকে দেবতা বলে শ্রদ্ধা করে। তাই গো-হত্যার বিরুদ্ধে তাদের এত ক্ষোভ। কিন্তু আসলেই কী তা গো-হত্যার বিরুদ্ধে ক্ষোভ, নাকি মুসলমানদের বিরুদ্ধে জাতিগত হিংসা? এ লেখায় সেই জাতিগত হিংসার স্বরূপ এবং কুরবানির জন্য মুসলমানদের লড়াইয়ের একটি চিত্র তুলে ধরবো।

গরু জবাই বিরোধী: তখন এখন

গরু জবাইকে কেন্দ্র করে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা অহরহ হয়ে থাকে। তবে, ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পূর্বে এই বিষয়টিকে কেন্দ্র করে কোন হাঙ্গামা হয়েছিল বলে ইতিহাস পাঠে জানা যায় না। অথচ ‘গরু কুরবানি’ সে সময়ও হত এবং সকল লোকই গরুর গোশত খেত। ১৮৯৩ খৃস্টাব্দে ‘আজমগড়ে’ গরু কুরবানিকে উপলক্ষ করে বিরাট হাঙ্গামা হয়ে যায়। সম্ভবত এই শ্রেণীর এটি ছিল প্রথম হাঙ্গামা। এই ঘটনার পরপরই প্রখ্যাত কংগ্রেস নেতা মি. তিলক কর্তৃক ‘গো জবাই’ বিরোধী সমিতি গঠন করা হয়। অতঃপর কংগ্রেস নেতৃবর্গ সর্বদা ‘গো রক্ষা’র জন্য চেষ্টা চালাতে থাকেন। বিগত শতকের শেষ দিকে মথুরায় একটি ‘গো সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল। ‘কিষাণগড়’ রাজ্যের উজির আলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ‘গো হত্যা’ বন্ধের উপায় সম্বন্ধে বহু চিন্তা-ভাবনা করা হয় এবং সেখানে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী একটি প্রতিনিধি দল পণ্ডিত মদন মোহন মালব্যের নেতৃত্বে ভারতের লাট বাহাদুরের সাথে সাক্ষাৎ করে ‘গো হত্যা’ বন্ধের দাবি জানাবে বলে স্থির করা হয়। এই পদ্ধতিতে কামিয়াব না হলে ব্যাপক সত্যাগ্রহের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়। এই উদ্দেশ্যে একটি ফান্ডও খোলা হয়। জনৈক উদার হিন্দু তৎক্ষণাৎ ‘পঞ্চাশ হাজার’ টাকা নগদ প্রদানের কথা ঘোষণা করেন।

ভারতের হিন্দু নেতৃবর্গ বরাবরই মুসলমানদের গরু জবাই করার বিরুদ্ধে চরম ও কড়া মনোভাব পোষণ করেছেন, যার ফলে উগ্রপন্থীরা তার সদ্ব্যবহার করতে কসুর করেনি। মওলানা মোহাম্মদ আলী জওহর তার বিখ্যাত পত্রিকা ‘হামদর্দে’ একটি প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধে তিনি বিস্তারিতভাবে এই ঘটনার উল্লেখ করেছিলেন যে, প্রখ্যাত নেতা শ্রী নওয়াস আইনস্কর কলিকাতা কংগ্রেস কমিটির একটি সভা অনুষ্ঠান করেন এবং সেখানে ‘গরু জবাই’ সমস্যার একটি অত্যন্ত সুচিন্তিত সমাধান পেশ করেন। তাঁর সমাধান অনুযায়ী, মুসলমানদেরকে ‘গরু জবাই’ করার সাধারণ অনুমতি প্রদান করা হবে। এটা ছিল প্রস্তাবের সার কথা। কিন্তু এই সভায় মহাসভার দুইজন সদস্য হৈ চৈ করতে থাকেন। বোম্বাই এর অধিবেশনে ওয়ার্কিং কমিটির অনুমোদনের পর এই প্রস্তাব বিষয় কমিটিতে পেশ হবে; এমন সময় গান্ধীজী আবির্ভূত হলেন এবং ডক্টর আনসারীকে ডেকে বললেন, ‘আমি উপস্থিত হয়ে ছিলাম তোমাদের কিছু সাহায্য করতে এবং হিন্দু-মুসলিম ঝগড়া বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি করতে। কিন্তু ‘গো হত্যা’র অনুমতি সংক্রান্ত প্রস্তাব দেখে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি। প্রস্তাবের এই অংশের প্রতি আমারও সমর্থন নেই এবং অপর কোন হিন্দুও এতে রাজী হতে পারে না। এই প্রস্তাব আমাদের ধর্মীয় কর্তব্যের সম্পূর্ণ পরিপন্থী। এর কারণে সারারাত্রি আমার ঘুম হয়নি। অবস্থা এই যে, আমি তোমাদের সাহায্য করার পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াব’ (সীরাতে মোহাম্মদ আলী)।

মদনমোহন মালব্যজী ১৯২৯ সালে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ‘ব্রিটিশরা ভারতবর্ষে কয়েকটি ভুল কাজ করেছে, সেগুলোর মধ্যে একটি ভুল হচ্ছে এই যে, গো হত্যা চালু রেখেছে।’ মালব্যজী প্রত্যেক ভারতবাসীকে তাগিদ করেন যে, ‘তারা স্বরাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে থাকেন, যেন তারা গো হত্যা বন্ধ করার যোগ্য হতে পারেন’ (ইনকিলাব, ১৮ই জুন, ১৯২৯ খৃ:)। পাঞ্জাব কংগ্রেস কমিটির সভাপতি ডক্টর সত্যপাল কংগ্রেস সভাপতি হিসেবে ১৯৩৭ সালের ২০ আগস্ট বিবৃতি দান করে বলেন যে, ‘হিন্দুদের জন্য গো অতি সম্মানের। তাই কংগ্রেস কিছুতেই বরদাশত করবে না যে, প্রকাশ্যে গো জবাই রীতি চালু থাকবে, যার ফলে হিন্দুরা ক্ষুব্ধ হবেই’ (আজ পত্রিকা, ২৯ শে আগস্ট, ১৯৩৮ খৃ:)। কংগ্রেস তৎকালীন সভাপতি সুভাস চন্দ্র বোস ১৯২৭ সালে কলিকাতার ঐক্য সম্মেলনে মুসলমানদের জন্য কুরবানি করার অনুমতি দেয়া উচিত, এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করেন। (সীরাতে মোহাম্মদ আলী)।

ক্ষমতায় আসার জন্য মোদি বার বার হিন্দুদের এই গো-রক্ষার স্লোগানে মুখে ফেনা তুলেছেন। তিনি ক্ষমতায় আসার পর কী কেন্দ্র কী বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ভাবাবেগ আরও তীব্র আকার ধারণ করে। গো-হত্যা আইন কঠোরতম রূপ নেয়। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের উপর চরম আঘাত নেমে আসে। একটি হিসাব বলছে, ২০১০-২০১৭ সালের ২৫ জুন পর্যন্ত গরু সম্পর্কিত আক্রমণের ঘটনা ঘটেছে ৬৩টি। আর ২০১৪-২০১৭-র ২৫ জুনের মধ্যে এই জাতীয় ঘটনার সংখ্যা ৬১টি। অর্থাৎ, গত সাত বছরে গরু চুরি এবং গো-মাংস ঘিরে যত হামলা হয়েছে, তার ৯৭ শতাংশ ঘটেছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর। ২০১৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যেই ঘটেছে ২০টি হিংসার ঘটনা। অর্থাৎ, এই ২০টি ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে, যার, ৮৬ শতাংশ, অর্থাৎ, ২৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। আহত ১২৪ জন। ২০১৬ সালে এ জাতীয় ২৫টি ঘটনা ঘটেছিল। অর্ধেক হামলার ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে। একটি ঘটনা পশ্চিমবঙ্গে, মৃত্যু হয়েছে তিন জনের। অ-বিজেপি রাজ্য গুলির মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কর্নাটকে। এখনও তার বিরাম নেই। আমরা এও লক্ষ্য করেছি, এই আক্রমণের ঘটনায় মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২১ শতাংশ ক্ষেত্রে আক্রান্তদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়। (ইন্ডিয়া স্পেন্ড, ২৮ জুন ও ২৮ জুলাই ২০১৭)

ভারতীয় আইন কী বলে

ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷ কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়৷ ২০১৫ সালে উত্তর প্রদেশ রাজ্যের দাদরি এলাকার একটি গ্রামে ৫০ বছর বয়সি এক মুসলমানকে ঘরে গরুর মাংস রাখা ও খাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মারে মৌলবাদীরা৷ এর ধারাবাহিকতায় হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্টও একবার কেন্দ্রীয় সরকারকে সারা দেশে গো-হত্যা বন্ধের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে৷

২০১৭ ‍সালের আগস্টে শীর্ষ আদালতে এ সংক্রান্ত রায় দিতে গিয়ে বিচারপতি জে চেলামেশ্বর বলেছেন, ‘নতুন নতুন মামলা নতুন সব বিষয়কে সামনে নিয়ে আসছে, ব্যক্তিপরিসরের ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে পশু হত্যা ও খাবার নিয়ে নাগরিকদের পছন্দ-অপছন্দের প্রসঙ্গ। দেশের কোন নাগরিক কী খাবে, কোন পোশাক পরবে, রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত জীবনে কার সঙ্গে মিশবে, চলবে তা নিয়ে রাষ্ট্র কিছু বলতে পারে না। এটা তাদের ব্যক্তিগত বিষয়। কোনো রাজ্য (গবাদি পশু) হত্যা নিষিদ্ধ করতে পারে, অন্য রাজ্যগুলো তা না-ও করতে পারে৷ আমরা রাজ্যের আইনে হস্তক্ষেপ করবো না৷’

ভারতের সংবিধানের ৪৮ ধারায়, অর্থাৎ নির্দেশমূলক নীতিতে দুধেল গরু, অন্যান্য দুগ্ধবতী প্রাণী, বাছুর ও ভারবাহী পশু হত্যা রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু, কোনও রাজ্য এই পরামর্শ না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যায় না। পাশাপাশি, গবাদি পশু সংরক্ষণ, রক্ষা ও তার উৎকর্ষসাধন করার জন্য আইন প্রণয়নের অধিকার রাজ্য সরকারের (বিধিবদ্ধ তালিকা ১৫ (২), সপ্তম তফসিল)। খাদ্যের জন্য পশু হত্যা, নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা বিষয়ে নানা আইন রাজ্য সরকারই প্রণয়ন করে।

পশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ, অত্যাচার রোধ বিষয়ে আইন প্রণয়নের অধিকার রয়েছে যৌথ তালিকায়। এ বিষয়ে কোনও দ্বন্দ্ব দেখা দিলে, কেন্দ্রীয় আইন প্রযোজ্য হবে। যদিও, সাধারণ ভাবে পশুপালন এবং বিশেষভাবে পশুহত্যা সম্পর্কিত রাজ্য আইন কেন্দ্রীয় আইনের দ্বারা প্রভাবিত হবে না। অন্যদিকে, নিষ্ঠুরতা বিষয়ক কোনও আইন যদি রাজ্যে নাও থাকে, তবেও কেন্দ্র পিসিএ, ১৯৬০ মোতাবেক রাজ্যে পশুহত্যা নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে পারে না। সংবিধান বিশেষজ্ঞদের অভিমত এমনই।

কেন্দ্রীয় আইনের পক্ষে-বিপক্ষে

তবে ভারতের কেউ কেউ গরু হত্যার নিষেধাজ্ঞার জন্য কেন্দ্রীয় আইনের দাবি জানিয়ে আসছেন। তাদের মধ্যে একজন জমিয়তে উলামায়ে হিন্দ-এর মহাসচিব মাওলানা মেহমুদ মাদানী। তিনি বলেছেন, ’গরু রক্ষার বিষয়টি রাজনীতি করা হয়েছে এবং মুসলমানদের টার্গেট করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গরু হত্যার নিষেধাজ্ঞার জন্য আমরা কেন্দ্রীয় আইনের দাবি জানিয়ে আসছি যাতে বিষয়টি নিয়ে চাঞ্চল্য স্থগিত হয়।’

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) এর গবেষক ফেলো ডাঃ নাজিমা পারভীন গরু হত্যা ও সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একাডেমিক গবেষণা করেছেন। মাদানির মতো পারভিনও এখন জাতীয় আইনের পক্ষে। গণপরিষদে এ বিষয়ে এক আলোচনায় তিনি উল্লেখ করেছেন, কংগ্রেস এবং জনসংঘ (বর্তমান ভারতীয় জনতা পার্টির [বিজেপি]) প্রতিনিধিরা, যারা গরু সুরক্ষা আইনের পক্ষে ছিলেন, তারা কেন হিন্দুদের মৌলিক অধিকার হিসাবে ঠেলে দিতে ব্যর্থ হয়েছিল তা উদ্বেগজনক ছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুও কোনও কেন্দ্রীয় আইনের পক্ষে ছিলেন না, তিনি চেয়েছিলেন রাজ্যের পরিবর্তে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

গরু জবাইয়ের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞার বিশাল অর্থনৈতিক ক্ষতির দিক রয়েছে। তাই কেন্দ্রীয় আইন করতে চায়নি কেউ। রাজ্যের অধীনে আইন দিয়েই সারতে চেয়েছে। তাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খান বলেছেন, ‘কেন্দ্রীয় বিষয় নাহি হ্যায়, রাজ্য মেহে পেহলে সে হি ইসকে লিয়ে কায়দে কানুন হ্যায় অর সাজা ভী হ্যায়। মাউজূদা কানুন কাফী হ্যায়, লেকিন ওয়া হি লাগু না হো রাহা হ্যায়। (এটি কোনও ফেডারেল বিষয় নয়। কঠোর শাস্তিসহ গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন রাজ্যে রয়েছে। তবে এই আইন প্রয়োগ করা হয় না)

গরুর গোশত ব্যবসায় হিন্দুরা

ভারতীয় জনগণের পাঁচ ভাগের এক ভাগ হলেন মুসলমান ও খ্রিস্টান। গরু তাদের খাদ্য। ভারতীয় সংবিধান অনুযায়ীই এই খাদ্যে তাদের অধিকার আছে। কাজেই গরুর গোশত নিষিদ্ধ করার অর্থ এত বিশাল জনসংখ্যার খাদ্য অধিকারের ওপর আঘাত করা। এ প্রসঙ্গে বলা দরকার যে, ভারতে শুধু মুসলমান ও খ্রিস্টানরাই গরু খান না। নিম্নবর্ণের বিপুল সংখ্যক হিন্দুরও খাদ্য হলো গরুর গোশত। শুধু তাই নয়, কয়েকদিন আগে ভারতের এক পরিসংখ্যান রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে, ভারতে যে মোট পরিমাণ গরু খাওয়া হয় তার দুই-তৃতীয়াংশ এখন খেয়ে থাকেন গরিব হিন্দুরা। কারণ, এর থেকে সস্তা প্রোটিন পণ্য কোনো খাদ্যে পাওয়া যায় না। কিন্তু শুধু গরিব হিন্দুরাই নয়, মধ্য ও ধনিক শ্রেণীর হিন্দুদের একটা অংশও এখন গরু খেয়ে থাকেন।হোটেল-রেস্তোরাঁয় গরুর কাবাবের হিন্দু খদ্দেরের অভাব নেই।

দেশের অধিকাংশ রাজ্যেই গো-হত্যা নিষিদ্ধ। সাজার মেয়াদ একেক রকম। আসামে পাঁচমাসের জেল ও হাজার টাকা জরিমানা বা দুটোই। এটাই রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন শাস্তি। কিন্তু, ওই রাজ্যে গো-হত্যা নিষিদ্ধ হলেও ‘হত্যার জন্য উপযুক্ত’ মর্মে ছাড়পত্র থাকলে তবেই তা নির্দিষ্ট স্থানে হত্যা করা যায়। সবচেয়ে বেশি জেলের মেয়াদ হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও ঝাড়খণ্ডে, দশ বছর। তবে, রপ্তানির জন্য পাঞ্জাবে গো-হত্যা করা যায়। কর্নাটক ও তামিলনাড়ুতে হত্যা নিষিদ্ধ হলেও খাওয়া নিষিদ্ধ নয়। মোষ-হত্যায় কোথাও কোনও নিষেধাজ্ঞা নেই। তবে, কিছু কিছু রাজ্যে ষাঁড় ও বলদ হত্যার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। মণিপুরে ১৯৩৬ সালে রাজকীয় ঘোষণার দ্বারা গো-হত্যা নিষিদ্ধ করলেও খাওয়ার প্রচলন রয়েছে। যে সব রাজ্যে হত্যা নিষিদ্ধ নয় তার মধ্যে রয়েছে, কেরালা, গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম ও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিছু ক্ষেত্রে পাঁচ মাসের জেল ও হাজার টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানাগুলোর মালিক হিন্দু।

দেশের সবচেয়ে বড় কসাইখানা তেলেঙ্গানার মেডক জেলার রুদ্রম গ্রামে অবস্থিত। কমপক্ষে ৪০০ একরজুড়ে থাকা ওই কসাইখানার মালিক সতীশ সভারওয়াল। এটি ‘আল কবীর এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড’ চালিয়ে থাকে। ভারতের মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে অবস্থিত সদর দফতর থেকে তারা মধ্য-পূর্বের কয়েকটি দেশে গবাদি পশুর গোশত রফতানি করে। আল কবীরের দফতর দুবাই, আবুধাবি, কুয়েত, জেদ্দা, দাম্মাম, মদিনা, মাসকট, দোহা এবং অন্যত্র রয়েছে। সংস্থাটি গতবছর কমপক্ষে ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছে।

‘অ্যারাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড’ –এর মালিক সুনীল কাপুর। এদের সদর দফতর ভারতের মুম্বাইতে। সংস্থাটি বিফের পাশাপাশি ভেড়ার গোশতও রফতানি করে। এর পরিচালক বোর্ডে বিরনত নাগনাথ কুডমুলে, বিকাশ মারুতি শিন্দে এবং অশোক নারং রয়েছেন। এমকেআর ফ্রোজেন ফুড এক্সপোর্টর্স প্রাইভেট লিমিটেডের মালিক মদন অ্যাবট। অ্যাবট কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের কসাইখানা রয়েছে পাঞ্জাবের মোহালি জেলায়। এর পরিচালক সানি অ্যাবট। ‘আল নূর এক্সপোর্টস’-র মালিক সুনীল সুদ। কোম্পানিটির দফতর ভারতের দিল্লিতে। কিন্তু এর কসাইখানা এবং গোশত প্রক্রিয়াকরণ প্ল্যান্ট রয়েছে উত্তর প্রদেশের মুজাফফরনগরের শেরনগর গ্রামে। এছাড়া মীরাট এবং মুম্বাইতেও তাদের প্ল্যান্ট রয়েছে। সংস্থাটির অন্য অংশীদার হলেন অজয় সুদ। কোম্পানিটি ১৯৯২ সালে তৈরি হয় এবং তারা ৩৫টি দেশে ‘গরুর গোশত’ রফতানি করে থাকে।

এওভি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের কসাইখানার অবস্থান উত্তর প্রদেশের উন্নাউতে। এদের গোশত প্রক্রিয়াকরণ প্ল্যান্ট রয়েছে। এর পরিচালক ওপি অরোরা। সংস্থাটি ২০০১ সাল থেকে কাজ করছে। তারা মূলত গরুর গোশত রফতানি করে থাকে। কোম্পানির সদর দফতর নয়ডাতে। এওভি এগ্রো ফুডসের পরিচালক হলেন অভিষেক অরোরা। স্ট্যান্ডার্ড ফ্রোজেন ফুডস এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কমল ভার্মা। কোম্পানিটির কসাইখানা এবং প্ল্যান্ট উত্তর প্রদেশের উন্নাউতে অবস্থিত। পোন্নে প্রোডাক্টস এক্সপোর্টসএর পরিচালক এস স্বস্তি কুমার। এদের গরুর গোশতসহ মুরগির গোশত এবং ডিমের ব্যবসাও আছে। এদের প্ল্যান্ট রয়েছে তামিলনাড়ুতে। অশ্বিনী এগ্রো এক্সপোর্টসের কসাইখানা রয়েছে তামিলনাড়ুর গান্ধীনগরে। কোম্পানিটির পরিচালক কে রাজেন্দ্রন। (পার্স টুডে)

মুসলমানদের ধর্মীয় বৈশিষ্ট্যাবলির মধ্যে ‘গরু কুরবানি’ একটি ঐতিহ্য বা প্রথা। তাদেরকে এই ধর্মীয় ক্রিয়াকলাপ হতে বঞ্চিত করার জন্য ভারতের ধর্মনিরপেক্ষতাবাদী ও অহিংসার দাবিদারগণ যে সব অধর্ম ও হিংসাত্মক কার্যকলাপের জন্ম দিতে সিদ্ধহস্ত, সেই তাদের ধর্ম গ্রন্থে ‘গো হত্যা’ নিষিদ্ধ বলে কোন প্রমাণ নেই। উপরন্তু তাদের ধর্মগ্রন্থ ‘বেদে’ হিন্দু সমাজ গরুর গোশত খেত বলে প্রমাণ রয়েছে। পণ্ডিত অবিনাশ চন্দ্রদাস, এম এ মহাশয় তার গ্রন্থ ‘ঋগবেদ’ (ইন্ডিয়া ২য় সংস্করণ) ৯৮ পৃষ্ঠায় বলেছেন, ‘প্রাচীন আর্যদের মধ্যে গরুর গোশত খাওয়ার প্রমাণ পাওয়া যায়।’ শ্রী চিন্তামণি রাউভেদী বলেছেন, ‘আদি যুগে ঋষি ব্যক্তিরা গরুর গোশত খেতেন।’ বেদের বহুমন্ত্রে লেখা আছে যে, ‘গরুর গোশত খাওয়া উচিত।’ হিন্দু ধর্মশাস্ত্রগুলি পাঠ করলে ‘গো মাংস ভক্ষণ’ করার অনুরূপ উদাহরণ আরও দেওয়া যেতে পারে।

কুরবানির সময় কেন বিরোধিতা

হিন্দু শাস্ত্রে ‘গরু জবাই’ নিষিদ্ধ নয়। রপ্তানির জন্য গরু জবাই নিষিদ্ধ নয়। ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানাগুলোর মালিক হিন্দু। সেখানে প্রতিনিয়ত গরু জবাই হচ্ছে। কিন্তু শুধু মুসলমানগণ গরু জবাই করলেই ক্ষেপে উঠে হিন্দুত্ববাদীরা। কুরবানির মতে মহান একটি ইবাদাতের সময় এলে চারদিকে শুরু হয় গো-রক্ষার নামে হিংস্রতা। এজন্য মুসলমানদের হত্যা করতেও তারা পিছপা হয় না। ধর্মের লেবেল লাগিয়ে আসলে তারা রাজিনৈতিক উন্নতির সিঁড়ি হিসেবে গরুকে ব্যবহার করছে। মুসলিমদের প্রতি এক জাতিগত হিংসা বারবার উন্মত্ত করে তোলে তাদের।

কিন্তু তাদের এই স্বার্থবাদী প্রচেষ্টার সবসময় বিরোধিতা করে এসেছেন আলেমগণ। তারা কখনো মাথা নোয়াননি। অতীতে মোগল আমলেও সম্রাট আকবর তার ‘দ্বীনে এলাহী’ প্রবর্তনের অংশ হিসেবে গরু জবাই বন্ধের যে অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন। এ সময় মোজাদ্দেদে আলফে সানী রহ. লেখনীর মাধ্যমে ‘গো রক্ষা’ অভিযানের বিরোধিতা করতে থাকেন। মোজাদ্দেদ এ সম্বন্ধে তার এক পত্রে লেখেন, ‘হিন্দুস্থানে গরু জবাই করাকে ইসলামের একটি বড় রীতি-নীতি এবং ভারতীয় মুসলমান ও হিন্দুদের মধ্যে একটি বিরাট পার্থক্য সাধনকারী নিদর্শন হিসেবে গণ্য করতে হবে। সুতরাং গরু জবাই করা ভারতীয় মুসলমানদের কেবল ধর্মীয় অধিকারই নয় বরং এটা তাদের একটি ‘তামাদ্দুনিক’ অধিকারও বটে।’

খেলাফত আন্দোলনের প্রথম দিকে গরু জবাই বন্ধ করার প্রশ্নটি নিয়ে আলাপ-আলোচনা করার জন্য কতিপয় মুসলিম নেতা দিল্লীতে এক সম্মেলন আহ্বান করেন এবং শাইখুল হিন্দ হজরত মওলানা মাহমুদুল হাসানকে দাওয়াত দেন। তিনি অসুস্থতার জন্য উক্ত সম্মেলনে যোগদান করতে না পারায় তার প্রতিনিধি হিসেবে মওলানা শাব্বীর আহমদ ওসমানীকে প্রেরণ করেন এবং তাকে তাগিদ করে বলে দেন যেন তার পক্ষ হতে সম্মেলনে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়, ‘আমরা হিন্দুস্থানের আজাদী চাই এই জন্য যে, সেখানে ইসলাম ও ইসলামের রীতি-নীতি ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করা যাবে, আর যে আজাদী ইসলামের রীতি-নীতি বর্জিত হবে, তার প্রতি আমরা অভিসম্পাত করছি।’ মওলানা হোসাইন আহমদ মাদানী ভারতীয় মুসলমানদের গরু কুরবানি করা সম্পর্কে বলেছেন, ‘যখন কোন সরকার ধর্মের দিক হতে বৈধ কাজ নিষেধ করে, তখন সেই কাজ হতে বিরত থাকাই হবে পাপ।’

আগের সংবাদ‘এবার অনেক মিস করবো’ : মাদরাসার ছাত্রদের কুরবানির ঈদ
পরবর্তি সংবাদকরোনায় কুরবানি : আলেমদের প্রস্তাবনা