
ফাতেহ ডেস্ক: কুমিল্লার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে স্থগিতাদেশ দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই মামলায় জামিনের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ওই দুই মামলায় জামিন স্থগিতের পৃথক দুটি আবেদনের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার হবে।
এর আগে সোমবার কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার ৬ মাসের জামিন দেন। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানির একটি মামলায় তার আবেদন খারিজ করেন।
এদিন দুপুরেই হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।
ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিত হয়ে যায়। তবে গত ১৭ মে জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু দেশের বিভিন্ন আদালতে নাশকতা ও মানহানির মামলায় খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে খালেদা জিয়াকে মুক্তি পেতে এসব মামলায় জামিন পেতে হবে।
