চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রস্তাবে বিতর্ক

ফাতেহ ডেস্ক: দক্ষতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে বিদেশি টার্মিনাল অপারেটর নিয়োগ প্রস্তাব নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এই বন্দরের বেসকারি অপারেটররা প্রস্তাবের ঘোরতর বিরোধী। তবে পণ্য উঠানামায় আরও পেশাদারিত্ব ও প্রতিযোগিতা বাড়াতে এই ধরনের প্রস্তাবের পক্ষে মত বন্দর ব্যবহারকারীদের।

তাঁরা বলেছেন, শুধু টার্মিনাল পরিচালনা কেন, বন্দরের সবকাজে প্রতিযোগিতা বাড়াতে শর্তসাপেক্ষে খ্যাতনামা বিদেশি অপারেটর নিয়োগ এখন সময়ের দাবি।

রোববার ঢাকায় অনুষ্ঠিত,এক সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরোর গবেষক ড. ফরেস্ট কুকসন বন্দর ব্যস্থাপনায় পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন।

তথ্য উপাত্ত ঘেটে তিনি দেখান প্রবৃদ্ধির বর্তমান ধারা থাকলে আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজের সংখ্যা হবে দ্বিগুন। কিন্তু এই সময়ের মধ্যে বন্দর দক্ষতা দ্বিগুন করা কঠিন। আর তাই বিদেশি কোনো দক্ষ টার্মিনাল অপারেটর নিয়োগের বিকল্প নেই।

তবে অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক বলছে, বিদেশী অপারেটরের হাতে এভাবে বন্দরকে তুলে দেওয়া ঠিক হবে না। বরং প্রবৃদ্ধির বর্তমান ধারা মোকাবেলার জন্য দক্ষতা বাংলাদেশি অপারেটরদেরই আছে।

কিন্তু ভিন্নমত বন্দর সংশ্লিষ্টদের। প্রায় ১১ বছর ধরে কিছু বেসরকারি টার্মিনাল অপারেটর বন্দরকে অনেকটা জিম্মি করে রেখেছে, অভিযোগ তাদের।

বন্দরের সর্বশেষ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বানানোর সময় ১৫ থেকে ২০ বছরের জন্য দক্ষ কোনো বিদেশি অপারেটর দিয়ে ওই টার্মিনাল চালানোর পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। উপযুক্ত দক্ষতা অর্জনের পর বন্দর নিজেরই এ টার্মিনাল চালানোর কথা ছিল। কিন্তু একটি মহলের চক্রান্তে সেই পরিকল্পনাও ভেস্তে যায়, অভিযোগ অনেকের।

আগের সংবাদগাজীপুরে মাদরাসা ছাত্র-শিক্ষকের স্ত্রীকে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদউত্তরাঞ্চলে বন্যায় ডুবেছে ফসলের খেত