তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ফাতেহ ডেস্ক: সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে আজও তিন জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

রংপুর

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা ওরফে বিষকালাই (২৬) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে নগরীর কুকরুল ফুল আমেরতল তিন রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আবু মুসা নগরীর হনুমানতলা বস্তি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, কুকরুল ফুল আমেরতল এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পুলিশও গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী আবু মুসা ওরফে বিষকালাই নিহত হন। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ১৭৭ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মুসার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলিবর্ষণের ফলে ঘটনাস্থলেই নিহত হন শামীম হোসেন।

শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

দিনাজপুর

দিনাজপুরের সদর উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক বিক্রেতা দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, খাড়িপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিলও একটি ওয়ান শুটারগান উদ্ধারের কথা জানায় পুলিশ।

আগের সংবাদজুমার দিনের বিশেষ আমল
পরবর্তি সংবাদকানাডার উদ্দেশে দুবাই ত্যাগ প্রধানমন্ত্রীর