নর্মালাইজেশন : বিন বাইয়ার ফতোয়া কেন সংকটপূর্ণ?

আবদুল্লাহিল বাকি:

নর্মালাইজেশনের ধর্মীয় ও রাজনৈতিক বিবেচনা

কিছুদিন আগে আরব আমিরাতের পক্ষ থেকে ইজরাইলের সাথে পুরোপুরি সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা আসে। ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সারা বিশ্বের শিক্ষিত সমাজ ও জনগণের মাঝে। তবে এখানে বিশেষভাবে লক্ষণীয় হলো শেখ আব্দুল্লাহ বিন বাইয়ার অবস্থান, যাকে ‘আমিরাত ফত‌ওয়া কাউন্সিল’-এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তার নেতৃত্বাধীন অবস্থায় কাউন্সিলের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়, যেখানে আরব আমিরাতের এই সংবেদনশীল রাজনৈতিক পদক্ষেপের পক্ষে সমর্থন ও আশীর্বাদ ঘোষণা করা হয়েছে। যদিও এটা নিছকই বিবৃতি ছিল, ফতোয়ার মর্যাদায় পৌঁছতে পারেনি—কিন্তু এই বিবৃতিটি যেই কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, তাদের দায়িত্ব হলো ফতোয়া প্রদান এবং রাষ্ট্রীয় পদক্ষেপগুলোর ধর্মীয় অবস্থান বর্ণনা করা।

তবে লক্ষ্যণীয়, আবদুল্লাহ বিন বাইয়া এমন ফতোয়া যে সর্বপ্রথম প্রদান করেছেন, এটা ভাবলে ভুল হবে। যদিও তার ফতোয়ার ধরণগত অনুরূপ আগে কখনো আমরা দেখতে পাইনি। পক্ষে-বিপক্ষে ফতোয়ার ধারা অনেক আগে থেকেই বিদ্যমান। গত শতকের তিরিশের দশক থেকেই এ নিয়ে আলোচনা পর্যালোচনা ব্যাপকভাবে শুরু হয়। তবে ফতোয়াগুলো দেখা যায়, উৎপ্রোতভাবে রাজনৈতিক ঘটনার সাথে সম্পৃক্ত। অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট দ্বারা ফতোয়া প্রভাবিত হয়েছে।

১৯৪৮ সালে ইহুদিদের জন্য যখন আলাদা ভূমি বরাদ্ধ করা হয়, তখন ব্যাপকভাবে সকল আলেম তাদের বিরুদ্ধে জিহাদের আবশ্যকীয়তার ফতোয়া প্রদান করেন।

১৯৫৬ সালে মিশরের উপর ত্রিপক্ষীয় আগ্রাসন হয়। ইজরাইল, ব্রিটেন ও ফ্রান্স মিশরে আক্রমণ করে বসে সুয়েজ খালের উপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জাতীয়তাবাদী নেতা জামাল আবদেল নাসেরকে উৎখাত করতে। তখন আল-আযহারের লাজনাতুল ফাতওয়া থেকে ফতোয়া প্রদান করা হয়, ইজরাইলের সাথে সন্ধি করা হারাম।

১৯৭৭ সালে আনওয়ার সাদাত ইজরাইলের সাথে শান্তি-চুক্তি করে। ঘুরে আসে তেল-আবিব থেকে। এর পরের বছর শান্তিতে নোবেল পায় সে। তখন ফতোয়ার মোড় পাল্টে যায়। আল-আজহারের শাইখ জাদুল হক আলি ফতোয়া দেন, ‘মুসলমানদের স্বার্থ রক্ষার খাতিরে’ ইজরাইলের সাথে সন্ধি করা যেতে পারে। অবশ্য শাইখ ইজরাইলের রাজনৈতিক দ্বিচারিতা লক্ষ্য করে, পরবর্তীতে আগের অবস্থান থেকে সরে আসেন।

১৯৯৩ সালে ১৩-ই সেপ্টেম্বর নরওয়ের রাজধানী অসলোতে অত্যন্ত গোপনে এক আপোষ মীমাংসার মধ্য দিয়ে ফিলিস্তিনি এবং ইজরায়েলিদের মধ্যে একটি তথাকথিত ‘শান্তি চুক্তি’ সই হয়েছিল, যা অসলো চুক্তি নামে পরিচিতি পায়। বোঝাপড়া হয়েছিলো— ফিলিস্তিনিরা স্বায়ত্বশাসনের আংশিক অধিকার পাবে এবং ইজরায়েল প্রথমে পশ্চিম তীরের জেরিকো এবং তারপর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে। বদলে, ইজরায়েলি রাষ্ট্রের বৈধতা স্বীকার করে নেবে পিএলও (প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন)। এই চুক্তির জন্য ইয়াসির আরাফাত নোবেল পেয়েছেন। ১৯৯৫ সালে অসলো চুক্তি-২ সাক্ষরিত হয়। তখনও এর পক্ষ ও বিপক্ষ তৈরি হয়ে যায়। আবদুল্লাহ বিন বায বলেন, ‘বৃহত্তর স্বার্থ’-এর খাতিরে সন্ধি জায়েয। ড. ইউসুফ কারজাবিসহ অনেকেই বলেছিলেন, এটা সম্পূর্ণ নাজায়েয। ইউসুফ কারজাবির কথা বিশেষভাবে আনলাম, কারণ, এই মাসআলায় দুজনের মাঝে কিছুদিন যুক্তি পাল্টাযুক্তি চলেছিল।

এসব ফতোয়া আমাদের সামনে একটা কেন্দ্রীয় প্রশ্ন তুলে ধরে—রাষ্ট্রের রাজনৈতিক অবস্থান ও ফতোয়ার মাঝে সম্পর্কের ধরণ কি? কোন সন্দেহ নেই, রাজনৈতিক প্রেক্ষাপট ফতোয়ার ক্ষেত্রে ইতিবাচক অথবা নেতিবাচকভাবে প্রভাব সৃষ্টি করে। দুয়ের মিথস্ক্রিয়ায় তৈরি হয় বিভিন্ন জটিলতা। জটিলতার মধ্যে কয়েকটি হল—

১. ফতোয়ার কাজ কী— সেটার নির্ধারণ। এটা কি রাজনৈতিক পদক্ষেপের পূর্বের পরামর্শ-প্রদান নাকি পরের সংশোধনী বিবৃতি? সিদ্ধান্তের খসড়া তৈরির ক্ষেত্রে এটি প্রভাবশালী নাকি বৈধতা দেয়ার পরিপূরক?

২. কোন সন্দেহ নেই, কোনো অমুসলিম রাষ্ট্রের সাথে বন্ধুত্বের প্রশ্নে, বিষয়টা চলে যাবে আকিদার পর্যায়ে। কিন্তু নিছক সন্ধি অথবা কূটনৈতিক সম্পর্ক যেহেতু ইসলামিক ফিকহে ইসলাম ও সামগ্রিক মুসলমানদের কল্যাণ ও স্বার্থকেন্দ্রিক বিষয়—তাই আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই মাসআলাটি একটি বিতর্কপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

৩. রাজনৈতিক বিবৃতিতে ধর্মীয় বিধান দেয়ার ক্ষেত্রে সব সময় লক্ষণীয়, এর মাধ্যমে একজন শরয়ী মুফতির কর্তব্য হলো, শরীয়তের নির্ধারিত মানদণ্ড ও উৎস থেকে দালিলিক মাস‌আলা বর্ণনা করা।

এসব কারণেই, কোন রাজনৈতিক বিষয়ে কোন আলেম ও ফকিহের সিদ্ধান্ত সামনে আসলে, সবসময় এটা বিবেচনায় রাখতে হবে—এটা তার রাজনৈতিক অবস্থান নাকি শরয়ী ফতোয়া। আর এটা বোঝা যাবে, উক্ত আলিমকর্তৃক প্রদানকৃত বিবৃতির ভাষা, উৎস ও পদ্ধতি লক্ষ্য করলে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধ, সন্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলেমদের মধ্যে যেই মতভেদ রয়েছে সেটা মোটাদাগে দুই ভাগে বিভক্ত। তৃতীয় আরেকটি অবস্থান কিছুদিন আগে শেখ আব্দুল্লাহ বিন বাইয়ার মাধ্যমে সামনে এসেছে। কারণ, তার অবস্থানের মৌলিক অনুরূপ আগে কখনোই দেখা যায়নি। তিনটি অবস্থান হল—

প্রথম অবস্থান: সেটা প্রকাশ পেয়েছিল প্রথম অফিশিয়ালভাবে ১৯৫৬ সালে। এর পক্ষে ছিলেন শেখ হাসনাইন মাখলুফ, ঈসা মানুন, মাহমুদ সালতুত, মোহাম্মদ তুনাইখি, মুহাম্মদ সুবকি প্রমুখ আলেমগণ। তারা ফতোয়া দিয়েছিলেন, “ইজরাইলের সাথে সন্ধির প্রবক্তাগণ, যেভাবে সন্ধি করতে চাচ্ছেন, সেটা শরয়ী দিক থেকে জায়েজ নয়। কেননা ইজরাইল মুসলমানদের ভূমি দখল করেছে। সেটা তাদের নিজস্ব ভূমি নয়। আর তাদের সাথে সন্ধি করা মানে, তাদের ভূমিদখলকে স্বীকৃতি দেয়া। যারা তাদের সহযোগী হতে যাচ্ছে, তারা মূলত প্রকারান্তরে মুসলমানদের ভূমিদখলের পাপ কামাচ্ছে।” হিন্দুস্তানের আলেমদের পক্ষ থেকেও আরবদের কাছে এমন ফতোয়া পৌঁছানো হয়েছে।

দ্বিতীয় অবস্থান: এই অবস্থানের মূলকথা হলো, শরয়ী স্বার্থকে বাস্তবায়ন করা হলে সন্ধির বৈধতা দেয়া যায়। এখানে এই অবস্থান-কেন্দ্রিক তিনটি ফতোয়া উল্লেখ করছি।

১. ১৯৭৩ সালে মিশরের সাবেক মুফতি শেখ হাসান মামুনের ফতোয়া, যেখানে তিনি বলেছিলেন—“মুসলমানদের সামগ্রিক কল্যাণ ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে, বিভিন্ন শর্ত সাপেক্ষে সন্ধি করা বৈধ। কিন্তু শর্তগুলো নির্ধারণ করে দিবেন বিজ্ঞ আলেম ও ফকিহগণ। কিন্তু সন্ধি যদি হয় ‘আক্রমণের বৈধতা ও নিশ্চিতকরণ’-এর ভিত্তিতে তাহলে এই সন্ধি বাতিল হয়ে যাবে।”

২. শেখ জাদুল হকের ফতোয়া। সেখানে তিনি বলেছিলেন— “কাফেরদের সাথে যদি মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে সন্ধি করতে চায়, তাহলে সেটা বৈধ— কিছু শর্তের ভিত্তিতে। শর্তগুলো হলো, সন্ধির প্রস্তাব প্রথমে উত্থাপন করবে মুসলমানগন, কাফেররা নয়। সন্ধির মধ্যে মুসলমানদের সামগ্রিক কল্যাণ নিহিত থাকতে হবে, এর মধ্যে যদি তাদের ব্যাপক ক্ষতি নিহিত থাকে, তাহলে এই ধরনের সন্ধি কোন মতেই জায়েজ নেই। তবে যদি দেখা যায় দুই দিকেই ক্ষতি রয়েছে, তাহলে বড় ক্ষতিকে রোধ করার জন্য ছোট ক্ষতিকে মেনে নেয়া যাবে।”

৩. আরেকটি হলো শায়খ আব্দুল্লাহ বিন বাযের ফতোয়া। তিনি বলেছিলেন— “ইজরাইলের সাথে সন্ধি করা, যদি হয় স্বার্থরক্ষার খাতিরে, তাহলে সেটা শরয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ। তবে এর বৈধতার সাথে তিনি শর্ত জুড়ে দিয়ে ছিলেন— “অবশ্যই এই সন্ধির মাধ্যমে ফিলিস্তিনিগণ যেন নিশ্চিন্তে তাদের ভূমিতে বসবাস করতে পারে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে পারে”। সাথে সাথে তিনি এটাও বলেছিলেন— “এই সন্ধির বিষয়টি তখনই বাস্তবায়িত হবে, যখন ফিলিস্তিনিগণ তাদের সাথে লড়াই করতে অক্ষম হয়ে যাবে”। এই দুইটি অবস্থান রাজনৈতিক ঘটনাবলী দ্বারা কিছুটা প্রভাবিত হলেও, আমরা এটাকে ফতোয়া হিসেবেই ধরে নিতে পারি, রাজনৈতিক অবস্থান হিসেবে নয়। কারণ, তাদের ভাষা পদ্ধতি ও উৎসের ক্ষেত্রে ফিকহী প্রভাব বিদ্যমান।

তৃতীয় অবস্থান: এই অবস্থানটি স্বাভাবিক ফিকহী অবস্থান বলে ধরে নিতে পারছিনা আমরা। এটা নিরেটই একটা রাজনৈতিক অবস্থান, যেটা অবলম্বন করেছেন শেখ আব্দুল্লাহ বিন বাইয়া। পলিটিকাল অথরিটিকে তিনি সমর্থন জানিয়েছেন ‘যোগ্য পদক্ষেপের উপযুক্ত’ ও ‘মুসলমানদের স্বার্থ সম্পর্কে অধিক জ্ঞাত’ হিসেবে।

তিনি ফতোয়া কাউন্সিলের পক্ষ থেকে বলেছেন, “সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়ার একচেটিয়া ও সার্বভৌম অধিকার (Exclusive and sovereign powers) শাসকের (ওলিউল আমর) রয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর সম্পূর্ণ বৈধতা রয়েছে। ইসলামী শরীয়ায় এর অনেক নমুনাও রয়েছে। শরীয়ায় বেশকিছু মূলনীতি রয়েছে, যার মাধ্যমে বোঝা যায়, পরিস্থিতি ও সামগ্রিক স্বার্থ লক্ষ্য করে এমন সন্ধি বৈধ।” অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, ধর্মীয়ভাবে এ সিদ্ধান্তটি শাসকের একচেটিয়া অধিকার। শাসক যেটা নির্ধারণ করে দিবেন, সেটাই শরয়ী স্বার্থ।

তার অবস্থানটি আমাদেরকে একটি কেন্দ্রীয় মাস‌আলার দিকে নিয়ে যায়। সেটা হল, মুসলমানদের স্বার্থ রক্ষাই যদি হয় নর্মালাইজেশনের ক্ষেত্রে মৌলিক বিষয়, তাহলে আমাদের প্রশ্ন হল—মুসলমানদের স্বার্থরক্ষার সংজ্ঞা কি? সেটা কে নির্ধারণ করে দিবে? বিন বাইয়া পুরো মাস‌আলাটা ন্যস্ত করে দিয়েছে শাসকের ইচ্ছার উপরে।

নর্মালাইজেশন : ওলিউল আমর ও তাহকিকুল মানাতের ফিকহী বিতর্ক

বিন বাইয়া ওলিউল আমরের (শরয়ী শাসক) নামে যেই ধুয়া তুলেছেন, সেটার অনুসরণে বক্তব্য প্রদান করেছেন পরবর্তীতে আরব আমিরাত-ভিত্তিক তাবাহ ফাউন্ডেশনের প্রধান আলী জাফরী। তিনি বলেছিলেন, “ফিকহশাস্ত্রে যার ন্যূনতম জ্ঞান আছে, সেও জানে, শত্রুর সাথে সন্ধি বা যুদ্ধ করা হল ইসলামী রাজনীতির একটা বিষয়। সামগ্রিক স্বার্থ রক্ষার বিবেচনায় শাসক এখানে শরয়ী বিধানের প্রেক্ষাপট বাস্তবায়ন (তাহকিকুল মানাত) করবেন।”

এটাতে কোন সন্দেহ নেই যে, ইসলামী ফিকহে সন্ধি, যুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক কল্যান ও স্বার্থকেন্দ্রিক বিষয়। কিন্তু প্রশ্ন হল, কোনটাকে ইসলাম ও মুসলমানদের কল্যান ও স্বার্থ বিবেচনা করা হবে? আরেকটি বিষয় হল, তাহকিকুল মানাতের মত গুরুত্বপূর্ণ ফিকহী পরিভাষার রাজনৈতিক ব্যবহার। বিন বাইয়া এই পরিভাষাকে তার রাজনৈতিক প্রকল্পের জন্য শিরোনাম বানিয়ে আলোচনা সেমিনারেরও আয়োজন করেছিলেন। তাদের মত যারা বিভিন্ন বিষয়ে শাসকের একচেটিয়া এখতিয়ারের প্রবক্তা, তারা কয়েকটি বিষয়ে সংকটাপন্ন—

এক. পূর্ববর্তী ফকিহদের মধ্যে যারা ‘ওলিউল আমর’ (ইসলামী শাসক) পরিভাষা নিয়ে কথা বলেছেন, তারা তার ক্ষেত্রে বেশ কিছু শর্ত নির্ধারণ করে দিয়েছিলেন। যেমন, তাকে মুজতাহিদ হতে হবে, বিচারকের ক্ষেত্রেও এমন শর্ত তারা আরোপ করেছেন। পরবর্তীতে অবশ্য তারা বিভিন্ন শর্ত বাদ দিয়েছেন। যেন শরয়ী দৃষ্টিকোণ থেকে তাদের শাসন বৈধতা পায়। ভারসাম্য তৈরি করেছেন তারা আদর্শ ও বাস্তবতার মাঝে। এজন্যই তারা শাসককে জরুরততত্বের অধীনে এনে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ সকল শর্তের ভিত্তিতে শাসক না পাওয়া গেলে প্রয়োজনের ভিত্তিতে তাকে বহাল রাখা হবে। আর প্রয়োজন নির্ধারিত হয় পরিমাণ অনুযায়ী। কারণ, তা স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম।

এখন কথা হল, কেউ যদি ওলিউল আমরের দোহাই দিয়ে জাতিরাষ্ট্রের আগের রাজনৈতিক ফিকহকে বর্তমান রাষ্ট্রব্যবস্থায় নিয়ে আসে, তাহলে তাকে এই প্রশ্নের সম্মুখিন হতে হবে, কে ওলিউল আমর? তার গুণ ও বৈশিষ্ট্য কি? মৌরিতানিয়ার বিন বাইয়া ওলিউল আমর বানিয়েছেন আরব আমিরাতের সরকারকে। আর আলি জাফরী ওলিউল আমর বানিয়েছেন ইয়েমেনের সরকারকে। এক বিশ্বে দুই ওলিউল আমরের মধ্যে যদি সিদ্ধান্তের ক্ষেত্রে মতভেদ হয়, তখন আমরা কার আনুগত্য করব? দুয়ের মধ্যে মতভেদ হলে শরয়ী সিদ্ধান্ত বলে কোনটাকে মেনে নেওয়া হবে?

দুই. যদি আমরা স্বীকার করে নেই, এই সিদ্ধান্ত শাসকের একচেটিয়া অধিকার, তাহলে তাকে সমর্থন করা হোক বা অস্বীকার করা হোক, দুইটাই তার ইখতিয়ারে হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে বাধ্য। সরকারের সমর্থকরা নিজেদের অজান্তেই এই অভ্যন্তরীণ বৈপরীত্যের মুখোমুখি। পক্ষান্তরে তাদের বিরোধীরা মনে করে, এই ধরণের আত্মঘাতি সিদ্ধান্ত ন্যায়নীতির প্রশ্নে আটকে যায়। অন্যদিকে শাসকের ন্যায়ের কাজে তারা সমর্থনও জানাচ্ছে।

তিন. সন্ধির ক্ষেত্রে ফোকাহায়ে কেরাম যেই স্বার্থ রক্ষা করতে বলেছেন, তা ইসলাম ও মুসলমানদের স্বার্থ, শাসকদের স্বার্থ নয়। আর শরীয়তের স্বার্থ শাসকের ব্যক্তিগত সিদ্ধান্তে নির্ধারিত হয় না। বিধি-বিধান সর্বদা আবর্তিত হয়, শরীয়তের মৌলিক উদ্দেশ্য ও মূলনীতিকে সাথে নিয়ে। সুতরাং ফোকাহায়ে কেরামের মতে, জরুরততত্ত্বের ভিত্তিতে প্রচলিত শাসক এই স্বার্থ নির্ধারণ করার যোগ্য নয়, অন্তত একাকি এই সিদ্ধান্ত সে নিতে পারে না। শরীয়তের সামগ্রিক মূলনীতির বিচারে কোনটি শরয়ী স্বার্থ, সেটা নির্ধারণের যোগ্যতা তার নেই। এটার সিদ্ধান্ত দিবেন ‘অরাজনৈতিক’ ফকিহ শরয়ী দলিলাদির মাধ্যমে।

চার. ফিকহে আমরা দেখতে পাই, সর্বদা বিধান ও কারণের মধ্যে ফারাক করা হয়েছে। যেমন, ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কিসাস ওয়াজিব হয়। এখান বিধান হল, কিসাস ওয়াজিব হওয়া। আর কারণ হল, ‘ইচ্ছাকৃত হত্যা’র বিষয়টা সংঘটিত হওয়া। এজন্য বিচারকের দায়িত্ব হল, হত্যার ক্ষেত্রে ইচ্ছার বিষয়টা ভালভাবে তলিয়ে দেখা, যাতে এ বিষয়ে তিনি পরিপূর্ণ নিশ্চিত হতে পারেন। এ ছাড়া তিনি কিসাসের হুকুম দিতে পারেন না।

এখন এই বিষয়টাকে যদি আমরা আলোচিত বিষয়ে টেনে আনি, তাহলে দেখতে পাই, এখানে মাসআলা হল সন্ধির বৈধতা। কিন্তু এই মাসআলার কারণ হল ‘সামগ্রিক স্বার্থ’। লক্ষ্যণীয়, এই বিধানের কারণ কিন্তু ওলিউল আমর নয়। রাষ্ট্রীয় মাসআলার ক্ষেত্রে যেখানে কারণের উপস্থিতি থাকবে, সেখানে কেবল বিধান বাস্তবায়নের দায়িত্ব শাসকের। সে নিজে কখনোই বিধানের কারণ নয়। অথচ বিন বাইয়া এটাকে শাসকের একচেটিয়া এখতেয়ার হিসেবে বর্ণনা করছেন।

যদি বিধানের কারণ নির্ধারণ ছাড়াই কেবলমাত্র শাসকের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, তখন আমরা মূলত একটা একনায়কত্বের মুখোমুখি হচ্ছি, যেখানে কোন বৈষয়িক ও যৌক্তিক আলোচনা করার অবকাশ নেই।

এদিক থেকে বিন বাইয়ার থেকে আলি জাফরীর অবস্থান বেশি পরিষ্কার। কারণ শাসককে একচেটিয়া অধিকার না দিয়ে সে বলেছে, “আমি ঘনিষ্ঠতা ও নিজের জানাশোনার ভিত্তিতে আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদকে বিশ্বাস করি।” দেখা যাচ্ছে, তার মতে, স্বার্থ নির্ধারিত হয় শাসকের কাজের মাধ্যমে। এর বাইরে তার মতে বৈধতার অস্তিত্ব নেই। এখান থেকে আমরা কালামশাস্ত্রের একটা প্রশ্নে ঢুকে পড়ি। সেটা হল, আল্লাহর আদেশ নিষেধই মৌলিকভাবে নির্ধারণ করে দেয় স্বার্থ নাকি স্বার্থ আগে থেকেই থাকে, সেটাকে আল্লাহর বাণী জোরালো করে? অর্থাৎ, কোন কাজ আল্লাহর আদেশের মাধ্যমেই উত্তম হিসেবে বিবেচিত হয় নাকি আগে থেকেই উত্তম থাকে, সেটাকে আল্লাহ কেবল আদেশ করেন? প্রথম অবস্থায় কর্মের নিজস্ব কোন আদর্শিক মূল্য নেই। আল্লাহর আদেশের মাধ্যমেই তা নৈতিক মূল্য লাভ করে। দ্বিতীয় অবস্থায় কর্মের নিজস্ব আদর্শিক ও নৈতিক মূল্য সাব্যস্ত বিষয়। আল্লাহর আদেশ এসে সেটাকে জোরালো করে তুলে। সরকারী ফকিহগণ যেন আল্লাহর আদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কে এনে যুক্ত করে দিয়েছে শাসকের ক্ষেত্রে। তাদের কেউ ভাবেন, শাসকের আদেশই একটা কর্মের আদর্শিক ভিত্তি, অন্যদিকে আরেকদল ভাবেন, কর্মের নৈতিক একটা ভিত্তি বিদ্যমান, সেটা কেবল শাসকের আদেশের মাধ্যমে জোরালো হয়। এভাবেই শাসক হয়ে উঠেন শরীয়ত।

এখন আসি তাহকিকুল মানাতের আলোচনায়। ফ্যাসিবাদ ও কাউন্টার রেভ্যুলুশনারীকে শক্তিশালী করতে যে কয়টি ফিকহী পরিভাষাকে মজলুম বানানো হচ্ছে, সেক্ষেত্রে ‘ওলিউল আমর’-এর পরের স্থানেই আছে ‘তাহকিকুল মানাত’। মানাত শব্দের মর্ম হল কারণ ও প্রেক্ষাপট। তাহকিক মানে হল বাস্তবায়ন। পারিভাষিকভাবে ইমাম শাতেবী, আকবারী, ইবনে কুদামা, তুফী ‘তাহকিকুল মানাত’-এর দুটি পারিভাষিক অর্থ বর্ণনা করেছেন। একটা হল, কোন বিধান বাস্তবায়নের ক্ষেত্রে শরীয়তের সামগ্রিক মূলনীতির প্রয়োগ। আরেকটা হল, বিধানের কারণ ও প্রেক্ষাপট বাস্তবায়ন।

এখানে দুটি পৃথক দৃষ্টিকোণ থেকে তাহকিকুল মানাতকে দেখা যায়। ১. তাহকিকুল মানাতের খণ্ডিত ব্যবহার। ২. বর্তমানের মন্দ বাস্তবতাকে তাত্ত্বিক ফতোয়ার মাধ্যমে বৈধতা প্রদান।

তাহকিকুল মানাতের খণ্ডিত চর্চার নমুনা হল, ইজরাইলের সাথে নর্মালাইজেশনের ক্ষেত্রে এর ব্যাখ্যাগত উপস্থিতি নেই। এখন তাহকীকুল মানাতের ভিত্তিতে যদি সন্ধিকে বৈধ বলা হয়, এ ক্ষেত্রে কয়েকটি সংকট রয়েছে—

এক. জাতিরাষ্ট্রের ছায়ায় স্বার্থের ধারণাটা এর পূর্বের রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক অস্পষ্ট। মুসলিম দেশগুলোও ভাগ হয়ে গিয়েছে পৃথক পৃথক বিভিন্ন রাষ্ট্রে। বিভিন্ন দিক থেকে স্বার্থকেন্দ্রিক বিবেচনা সামনে এসেছে। এখন আরব আমিরাত যদি তার স্বার্থের বিবেচনা করতে চায়, তাহলে ফিলিস্তিনিদের স্বার্থের বিবেচনা নেয়া ছাড়া ফিকহী দৃষ্টিকোণ থেকে, ইজরাইলের সাথে সন্ধি করতে পারেনা। কারণ ইসরাইলের মাসআলায় ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষাই সবচেয়ে বড় বিষয়। এসব ক্ষেত্রে শরয়ী দৃষ্টিকোণ থেকে স্বার্থের বিবেচনার মানদণ্ড বিভিন্ন। কারণ, ইসরাইলের সাথে সন্ধির মাধ্যমে যদিও, একদিকে আরব আমিরাতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা হয় কিন্তু অন্যদিকে ফিলিস্তিনিদের বিরাট ক্ষতি হয়ে যায়। অথচ শরীয়তের মূলনীতি হলো, স্বার্থ রক্ষার চেয়ে ক্ষতি দূর করা অগ্রগণ্য বিষয়। আরেকটি বিষয় হলো, বর্তমান জাতিরাষ্ট্রের অধীনে কাফের রাষ্ট্রের সাথে সন্ধি করতে হলে অরাজনৈতিক আলেমদের শূরার মাধ্যমে শাসকগণকে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। কোন এক রাষ্ট্র কাফের রাষ্ট্রের সাথে সন্ধি করে নিল, এটাতে তার ব্যক্তিগত রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা হয়। কিন্তু অন্যদের বিরাট ক্ষতি হয়ে যায়। আরব আমিরাত সন্ধির সিদ্ধান্ত নিতে হলে ফিলিস্তিনি জনগণ ও নেতাদের সম্মতি লাগবে। সুতরাং আধুনিক জাতিরাষ্ট্রের অধীনে শাসকের একচেটিয়া অধিকার বলে কোন কথা নেই।

দুই. আধুনিক জাতিরাষ্ট্রের অধীনে রাজনৈতিক মাসআলায় মানাত বাস্তবায়ন করার ক্ষেত্রে বুঝতে হবে, বর্তমানে পূর্বের রাষ্ট্রীয় কাঠামো নেই। সুলতানি রাষ্ট্রব্যবস্থা থেকে এখন সূচনা হয়েছে ন্যাশন স্টেটের। একক ক্ষমতা থেকে কর্তৃত্ব চলে গিয়েছে একটা সংঘের কাছে। সুতরাং যেসব বিধানের তাহকীকুল মানাত শাসকের সঙ্গে সংশ্লিষ্ট, সেখানে শাসককে একক ব্যক্তি ধরে নিলে ভুল হবে। শাসক এবং ফকিহ—কারো একচেটিয়া অধিকার নেই স্বার্থ বিবেচনায় ক্ষেত্রে। ফকিহের ক্ষমতা ও কর্তৃত্ব লুকিয়ে আছে তার প্রমাণ পদ্ধতি, উৎসের যথাযোগ্য ব্যবহারে। আর শাসকের কর্তৃত্ব তখনই গ্রহণযোগ্য হবে, যদি সে শরয়ী শর্ত ও মূলনীতির আলোকে সামগ্রিক স্বার্থের বাস্তবায়ন করে, ব্যক্তিগত স্বার্থের নয়। হানাফী ফকীহগণ কালের বিবর্তনের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন। যেহেতু শাসকের অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তারা বলেছেন, কোন বিষয়ে শাসক এখন আর একক সিদ্ধান্ত নেওয়ার যোগ্য নয়, তাদের জ্ঞানগত যোগ্যতার সংকট এবং বিভিন্ন মাধ্যমে জুলুমের কারণে। একক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে প্রকারান্তরে এখন শাসকের পক্ষ থেকে জুলুম প্রকাশ পায়।

ঐতিহাসিকভাবে ফকিহ ও আলেমগণ ফতোয়া দেয়ার ক্ষেত্রে অনেক সর্তকতা অবলম্বন করতেন। কারণ ফতোয়া হল কোন বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত জানান দেয়া। খুব ভেবে চিন্তে, সুবিধাবাদিতার আশ্রয় না নিয়ে, ভয়ে ভয়ে তারা ফতোয়া দিতেন। দলিল প্রমাণ ও মূলনীতি উল্লেখ করার ক্ষেত্রে চূড়ান্ত বিশুদ্ধতার লক্ষ্য রাখতেন। এমন ভাষা তারা কখনোই ব্যবহার করতেন না, “শাসক এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এটা বৈধ।” আরব বসন্তের পর ফ্যাসিবাদকে বলিষ্ঠ করতে যেই সরকারি ফিকহের ধারা শুরু হয়েছে, সেটা পুরোপুরি ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্নতাবাদীদের ধারায়‌ই জন্ম হয়েছে শেখ আব্দুল্লাহ বিন বাইয়ার এমন ফতোয়া, যা শাসককে শরীয়তের মানদন্ড বানিয়ে দেয়। এমন ফিকহের ধারা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই…

আগের সংবাদনর্মালাইজেশন: আরব রাষ্ট্রগুলো কেন ইজরাইলের সাথে পরকীয়ায় আগ্রহী
পরবর্তি সংবাদ’জিওপলিটিক্স’: মধ্যপ্রাচ্যে যেভাবে সবাই ইজরাইলকে সমর্থন করছে