
আন্তর্জাতিক ডেস্ক:
বিবাদপূর্ণ জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় ভারতের তিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিরক্ষা সূত্রের বরাতে বলা হয়েছে, ধবার রাতে উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার নওগাঁ সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় দুই সৈন্য নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুঞ্চ জেলার মানকোট ও কৃষ্ণ ঘাঁটি সেক্টরের কাছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনীর ছোড়া গোলায় আরও এক ভারতীয় সৈন্য নিহত ও এক জওয়ান আহত হয়েছেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে পাকিস্তানের সামরিক বাহিনীর ছোড়া ভারী গোলায় ভারতীয় এক সেনা কর্মকর্তা নিহত ও আরও একজন আহত হন। এ ঘটনার দু’দিন আগে গত ২ সেপ্টেম্বর রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী গোলায় ভারতীয় এক সৈন্য মারা যান।
