
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন আজ সকাল ৯টায় । সৌদি আরব ও বৃটেনে ৮ দিনের ব্যস্ত সফরে ছিলেন তিনি। সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত ১৫ই এপ্রিল সৌদিআরব সফরে যান। ১৬ই এপ্রিল সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক ২৪ দেশের যৌথ সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে যোগ দেন তিনি।
অতঃপর প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন গমন করেন। ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীশেখ হাসিনা সিএইচওজিএমের উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের দেয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন।
এ ছাড়াও প্রধানমন্ত্রী এশীয় নেতৃবৃন্দের একটি গোলটেবিল বৈঠক করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রাওয়ানা করেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আজ সকাল সোয়া ৯টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সরকারের শীর্ষ পর্যায়ের প্রায় সবাই তাঁকে বরণ করে নেন।
