
ফাতেহ ডেস্ক:
বাংলাদেশে আল কায়েদার কোনো উপস্থিতি নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে আল কায়েদার কোনো উপস্থিতি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন অজ্ঞতাপ্রসূত এই বক্তব্য রাখেন সেটি খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’
সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আজকের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সহিংসতা দেখা দিয়েছে, পার্লামেন্টে হামলায় কয়েকজন নিহত হয়েছেন, এভাবে আমাদের দেশে কিংবা ভারতে বা আশপাশের কোনো দেশে পার্লামেন্টে যখন অধিবেশন চলছে তখন কি হামলা হয়েছে? হয়নি। এবং এই আশঙ্কার কথা বলা হচ্ছে, যে দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন, এফবিআই তথ্য দিয়েছে সে দিন মার্কিন যুক্তরাষ্ট্রে সারা দেশব্যাপী সহিংসতা ছড়াতে পারে, বিক্ষোভ হতে পারে।’
যেকোনো দেশে সন্ত্রাসবাদ দমন সবার সম্মিলিত দায়িত্ব এবং লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি তাদের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।’
সূত্র : ইউএনবি
