ব্যাংকগুলোকে এনবিআর-এর হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক: ব্যাংকগুলোকে হুঁশিয়ারি দিয়ে দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতে করপোরেট কর কমানোর যে প্রস্তাব করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে কম সুদে ঋণ না দিলে সেই সুবিধা তারা পাবে না।’

বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) এক সংবাদ সম্মেলনে অতিথি হয়ে এসে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, ‘ব্যাংকগুলো লাকি যে তাদের কর হার কমানো হয়েছে। তবে লেন্ডিং রেট ঠিক না রাখলে ব্যাংকগুলো এই বেনিফিট পাবে না।’

এবারের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর অনিবন্ধিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স বিদ্যমান ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন।

তার এ প্রস্তাবের পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। সিপিডি বলেছে, ব্যাংক খাতের বিদ্যমান ‘নৈরাজ্যের’ সমাধান না করে এ ধরনের সুবিধা দেওয়া উচিৎ হবে না। আর টিআইবি একে বলছে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’।

ব্যাংকের সুদ হারের সঙ্গে তাদের করপোরেট করের হার সরকার কীভাবে সমন্বয় করবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি এনবিআর চেয়ারম্যান।

এদিকে গত ১৪ এপ্রিল বেসরকারি ব্যাংক মালিকদের সঙ্গে এক বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশের নিচে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনতে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলো ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদে ঋণ বিতরণ করছে। আর আমানত সংগ্রহ করছে ৮ থেকে ১১ শতাংশ সুদে।

আগের সংবাদআবারো কমলো স্বর্ণের দাম
পরবর্তি সংবাদআমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই: বিএনপি মহাসচিব