কাবুলে জোড়া বোমা হামলা, সাংবাদিকসহ নিহত ২০

ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেসলিং ক্লাবে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

বুধবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এমন হামলায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিক এবং গণমাধ্যমকর্মীদের ওপর এই হামলা মানবতা এবং স্বাধীনতার বিরুদ্ধে হামলা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার ওই স্পোর্টস ক্লাবে হামলা চালায়। ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলার পর হতাহতদের উদ্ধারে লোকজন জড়ো হলে সেখানে আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুই সাংবাদিকসহ ২০ জন নিহত হন।

কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানান, নিহত দুই সাংবাদিক দেশটির ‘তোলু’টিভিতে কাজ করেন। দুই হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৭০ জনের মতো আহত হন।

আগের সংবাদদেয়াল ও সড়ক লিখনের রাজনীতি
পরবর্তি সংবাদভোটের তারিখ ঘোষণা মন্ত্রীর কাজ নয়: ওবায়দুল