
ফাতেহ ডেস্ক: নির্বাচনের তারিখ ঠিক করা ইসির এখতিয়ার, এটি ঘোষণার দায়িত্ব সরকার বা মন্ত্রীর নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর হতে পারে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পরদিন এ মন্তব্য করলেন ওবায়দুল কাদের। আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলছেন, ইসিকে পরামর্শ দিয়েছিলেন তিনি।
সচিবালয়ে বুধবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর। আর নির্বাচনকালিন সরকার হচ্ছে ২০ দিনের মধ্যে।
একদিন পর বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে মুহিতের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনই বলবে-কবে নির্বাচন হবে।
নির্বাচনকালীন সরকারের গঠন ও আকারের বিষয়ে প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আবারো সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, ভোটের তারিখ নিয়ে নাগারিক হিসেবে মতামত দিয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা আবারো জানান অর্থমন্ত্রী। জানান, তার নির্বাচনি এলাকায় দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করবেন তিনি। তবে আপাতত তিনি ছোট ভাই আবদুল মোমেনকে সমর্থন দিচ্ছেন।
