
ফাতেহ২৪ ডটম রিপোর্ট
নিজামউদ্দিনের সাদপন্থী একটি গ্রুপ বাংলাদেশে এসে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে! এই গ্রুপটি ইসলামী আকীদা বিশ্বাস পরিপন্থী বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে বিতর্কে থাকা ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির পক্ষে বিভন্নমুখী কাজ করছে। ইতিমধ্যে তারা অত্যন্ত গোপনে ঢাকাসহ বিভিন্ন শহরে গিয়ে বিভেদকে আরো উস্কে দেয়ার চেষ্টা করছে। অনেক জায়গায় তাবলীগের সাথীদের বাঁধার মুখে পড়ে তারা পালিয়েও এসেছে। এরই মধ্যে সাদের অনুগামীরা নারায়ণগঞ্জে আলোচনা সভা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। স্থানীয় তাবলীগের সাথী, ওলামা পরিষদের প্রবল বাধার মুখে তারা নারায়ণগঞ্জে বয়ান করতে পারেনি।
জানা গেছে, ইসলামী আকীদা বিশ্বাস পরিপন্থী বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে নিয়ে নানা কারণেই সারা দুনিয়ায় বিতর্কিত মাওলানা সাদ কান্ধলভি। এ কারণে এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া দেশের বৃহত্তম তাবলিগ জামায়াতে বয়ান করতে পারেনি তিনি। প্রবল বাধার মুখে তাকে আবারো ভারত চলে যেতে হয়। পরে তার অনুগামী নিজামউদ্দিনের একটি গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এসে বিভিন্ন মসজিদে বয়ান করেন। কিন্তু এতে বাধা দেয় তাবলীগের মূল ধারার নেতারা যাদের সঙ্গে হক্কানী আলেমেরা জড়িত।
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া জামে মসজিদে (পুরাতন মার্কাজ মসজিদ) ৩১ মে বয়ানের আয়োজন করেছিল ওই গ্রুপ। বিষয়টি জানতে পেরে তাবলীগের সাথীরা ও জেলা ওলামা পরিষদের সভাপতি ও হেফাজতের আমীর মাওলানা আবদুল আউয়ালসহ অন্যরা বাধা দেন। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ত্যাগী ও হকপন্থী তাবলিগের সাথী ও দেশের হক্কানী আলেমদের কারণে মাওলানা সাদ ও তার লোকজন দেশে কোথাও বয়ান করতে পারছেন না। কারণ সাদপন্থীরা ভ্রান্ত বিষয় প্রচার করছেন। নারায়ণগঞ্জে বিভিন্ন মসজিদে তারা বয়ানের সুযোগ না পেয়ে আমলাপাড়া জামে মসজিদে একটি মসজিদে বয়ানের কথা ছিল মাওলানা সাদপন্থী গ্রুপের। এটা নারায়ণগঞ্জের হক্কানী আলেমেরা বাধা দেয়। শেষতক প্রবল বাধার মুখে তারা ফেরত গেছে।
