মদের ওপর ট্যাক্স কমানো হোক: গণপূর্ত মন্ত্রী

ফাতেহ ডেস্ক: মদের ওপর আরোপিত ট্যাক্স কমানোর আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘সারাদেশে মাত্র ৯৬টি অনুমোদিত বার রয়েছে।

অথচ এর বাইরে অনেক হোটেল, রেস্টুরেন্টে মদ বিক্রি হয়। কিন্তু লাইসেন্স না থাকায় তারা ট্যাক্স দেয় না। তাই যারা যারা মদ বিক্রি করছে সবাইকে লাইসেন্স প্রদান করা হোক। পাশাপাশি মদের ওপর আরোপিত ট্যাক্স কমানো হোক।’

সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

এসময় মন্ত্রী বলেন, ‘আমাদের পাঁচ তারকা মানের হোটেল এবং রিসোর্টে হার্ড ড্রিংসের ব্যবস্থা রাখা হয়। কিন্তু এই হার্ড ড্রিংসে যে হার কর আরোপ করা হয়েছে, তা অত্যধিক।

এটা কমিয়ে আনার জন্য অনুরোধ করছি। হার্ড ড্রিংসের ওপর যে হারে ট্যাক্স নেয়া হয় তাতে বিদেশিরা খুশি না, ফলে বিক্রিও কম হয়।’

বর্তমানে সারাদেশে অনুমোদিত বারের সংখ্যা মাত্র ৯৬টি। অথচ গুলশান-বনানীতে যে কোনো রেস্টুরেন্টে ডিনার করতে গিয়ে যে কোনো ধরনের ড্রিংসের অর্ডার করলে ওরা দিয়ে দেয়, কিন্তু তারা কোনো ট্যাক্স দেয় না। কারণ তাদের লাইসেন্স নেই।

তাই যারা এসব করছে তাদের বৈধভাবে মদ বিক্রি করার সুযোগ দিতে হবে। সহশ্র অবৈধ বারকে অনুমোদন দেয়া হোক। এছাড়া হার্ড ড্রিংসের ওপর ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার দাবি জানাচ্ছি।

 

আগের সংবাদম্যাচ বাতিলের কারণেই পেনাল্টি মিস, ইসরাইলি মন্ত্রীর দাবী
পরবর্তি সংবাদকোন্দলের জেরে ক্যাম্পে রোহিঙ্গা খুন