মাদ্রাসার শিক্ষককে লাঞ্চনা, কয়েকটি কথা

আরজু আহমদ

বরিশালের এক মাদ্রাসার শিক্ষকের মাথায় ‘পায়খানা’ ঢেলে লাঞ্ছিত করেছে কিছু প্রভাবশালী লোক। ম্যানেজিং কমিটিতে না জেতানোয় এ ঘটনা ঘটেছে।

এই সৌম্য মুখের প্রবীণ আলেম একইসাথে ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, স্থানীয় মসজিদের ইমাম এবং মাদ্রাসাটির প্রিন্সিপ্যাল। এই ঘটনায় আমাদের সেক্যুলার সমাজ কোনও প্রতিবাদ করেন নি।

বরং বুকে হাত রেখে বলতে পারি, তাদের অধিকাংশই এ ঘটনাকে উপভোগ করেছেন। অনেকের মনে থাকার কথা, ইসলাম স্বমন্ধে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জের শ্যামল কান্তি ভক্তকে যখন কান ধরে উঠবস করানো হয়।

দেশব্যাপী সেক্যুলার শ্রেণি প্রত্যক্ষ প্রতিবাদ করে, অনেকেই কানধরে ছবি ফেসবুকে দিয়েছিলেন। প্রতিবাদের ব্যাপকতা মিডিয়ার মাধ্যমে এমন স্তরে পৌঁছায় যে, খোদ দেশের উচ্চ-আদালত বিচার-বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।

তার বিরুদ্ধে ঘোষ নেওয়ার একটি মামলা আদালতে এখনও বিচারাধীন। তার ছাত্রদের বেধরক পেটানোর কথাও সেসময় আলোচনায় এসেছিল।

তবে সব কিছুর বিচারের প্রক্রিয়া আছে, তার সঙ্গে যা হয়েছিল তা নিন্দনীয়ই। যাই হোক, সেবার আন্দোলনকারীদের বক্তব্য ছিল, এতে শিক্ষকের অমর্যাদা হয়েছে, সম্মানহানী হয়েছে।

কিন্তু এরচেয়েও জঘন্য ঘটনা যখন একজন মাওলানার সাথে ঘটেছে তখন কিন্তু সেকুলার সমাজের কাছে শিক্ষক সমাজের মর্যাদার প্রতি অসম্মান বা কমতি অনুভব হয় নি।

সেসময় দেশের মানবাধিকার সংস্থা, বুদ্ধিজীবী মহল বিবৃতি দিয়েছিলেন। মিডিয়ার কভারেজ ছিল সর্বোচ্চ। এই ঘটনার প্রচারে যেন মিডিয়া লজ্জা পাচ্ছে বরং।

বাংলাদেশের সেকুলার শ্রেণির চরিত্র বুঝতে এই ঘটনা অবশ্যই একটা ফুটপ্রিন্ট। কিন্তু আমাদের বিস্মৃতিপরায়ণতা আমাদের এসব ভুলিয়ে দেবে। কিম্বা আমরা ইচ্ছে করেই ভুলে যাব। আর এইসব বিস্মৃতি, ভুলে যাওয়াই উম্মাহকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।

আজকে এই যে, জেরুজালেমে আমেরিকার দূতাবাস স্থাপন নিয়ে সঙ্ঘাতে প্রায় ৫০ জন ফিলিস্তিনি শহীদ হলেন, এই ঘটনা যদি কোনও মুসলিম রাষ্ট্রের সাথে বিবাদে কোনও খ্রিস্ট বা ইহুদি সম্প্রদায়ের হত!

আপনার কি মনে হয় দুনিয়া এতটা নির্বিকার থাকত? এতগুলো প্রাণহানি যদি ইউরোপে ঘটত আপনারা কি শোকের বন্যা বইয়ে দিতেন না?

কাল যদি এই দূতাবাসেই কোনও হামলা চালানো হয়, তখন কি সেটাকে জঙ্গিবাদের সাথে মিশিয়ে দিয়ে আপনি নিন্দার ঝড় তুলতেন না? অবশ্যই তোলা হত।

সেই চরিত্র আর বাংলাদেশে এই শিক্ষকের ঘটনায় যা হয়েছে তা একই। একই ঘৃণাবাদ, একই লড়াইয়ের অংশ এটা। একজনের বেলায় প্রতিবাদ, শোক। অন্যজনের বেলায় নীরবতা আর উপভোগ করে যাওয়া।

শ্যামল কান্তির ঘটনাটিও ছিল মে মাসের মাঝামাঝিতে। এই ঘটনাও মে মাসের মাঝামাঝিতেই। কিন্তু ২০১৬ এর সেই মে আর আজকের মে মাসেরে ঘটনায় বেশ তফাৎ। এই তফাতকে গভীরভাবে চিন্তা করুন।

আগের সংবাদজেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান
পরবর্তি সংবাদবাংলাদেশের ঋণখেলাপির সমস্যা