
আন্তর্জাতিক ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এনআরসি-পরবর্তী আসামে প্রথম পা রেখেই আবারও অনুপ্রবেশকারীদের হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আসামে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। একই সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলো থেকে ৩৭১ অনুচ্ছেদ প্রত্যাহার করা হবে না।
উত্তর-পূর্ব পরিষদের ৬৮তম প্লেনারি অধিবেশনের সূচনায় এমন ঘোষণা দিলেন বিজেপির এই নেতা।
গত বছর এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের পর থেকেই আসাম এবং পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। তখনই এনআরসিকে পূর্ণ সমর্থন জানিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন যে, নাম বাদ পড়া ৪০ লাখ অনুপ্রবেশকারী। চলতি বছরের ৩১ আগস্ট যখন চূড়ান্ত এনআরসি থেকে ১৯ লাখ নাম বাদ পড়ে তখন থেকে ফের বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে, কোথায় গেল অমিত শাহর হিসেবে থাকা বাকি ২১ লাখ অনুপ্রবেশকারী?
চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে বিজেপি। তারপরেই অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। ইতোমধ্যেই তার দল রাজ্যে এনআরসির তীব্র সমালোচক হয়ে উঠেছে। রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস ও অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দাবি করেছেন, এই এনআরসিতে অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে। ঢুকে পড়েছে অনেক বিদেশির নাম। এ নিয়ে রাজ্য বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছে। আর তারপরেই অমিত শাহ বলেন, আশ্বস্ত করছি কোনো অনুপ্রবেশকারীকে ভারত সরকার আসামে থাকতে দেবে না।
