
ফাতেহ ডেস্ক
সমুদ্রে ডুবে যাওয়া থেকে দুই তুর্কী তরুণকে বাঁচিয়ে নিজেই বাঁচতে পারলেন না লিবিয়ার আলেম আবদুল আধিম আল ফারাবি।
আল ফারাবি লিবিয়ার আলেম এবং ইমাম। পরিবারের সঙ্গে অবকাশ যাপন করতে ইস্তাম্বুলের কারাবুরুন উপকূলে এসেছিলেন তিনি। হঠাৎ শুনলেন দু’জন সাঁতারু তরুণ তুর্কী সাহায্যের জন্য চিৎকার করছে। তিনি তাকিয়ে দেখলেন, তারা ডুবে যাচ্ছে।
অসুস্থতা সত্বেও ৫০ বছর বয়সী এই সাহসী আলেম পানিতে ঝাঁপিয়ে পড়লেন। তরুণ দুটিকে টেনে আনার চেষ্টা করলেন কূলে। কিন্তু এতে তিনি নিজে ক্লান্ত হয়ে পড়লেন। এমনিতেই অসুস্থ, তারপর দুটি তরতাজা তরুণকে টেনে আনার ধকল। সামলাতে না পেরে ডুবে যেতে লাগলেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে লাইফগার্ডরা তাকে হসপিটালে নিয়ে যায়। অভ্যন্তরীণ রক্তক্ষরণে আর্নাভুটকি স্টেট হসপিটালে মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, লিবিয়ার বেনগাজির পূর্ব শহরে জন্ম আল ফারাবির। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে ২০১৪ সালে খলিফা হাফতারের মিলিশিয়া গ্রুপ তাকে কারাবন্দী করেছিল। নির্যাতন করেছিল। নির্যাতনের কারণে শারিরীক অবস্থার অবনতি হলে ২০১৫ সালে তাকে মুক্তি দেয়া হয়। এরপর তিনি চিকিৎসা চালিয়ে যেতে স্বপরিবারে তুরস্কে চলে আসেন।
রাকিব অনূদিত
