
ফাতেহ ডেস্ক
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের পেকুয়া ও টেকনাফ থেকে ৮৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আটক করা হয় পাঁচ দালালকে।
শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১৫ শিশু রয়েছে।
পেকুয়া থানার ওসি জানান, একদল রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছে, এমন খবরে উজানটিয়া জেটিঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এসময় সেখান থেকে ৬৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সবাই উখিয়ার কুতুপালং ক্যাম্পের।
অন্যদিকে কোস্ট গার্ড জানায়, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিনের কাছ থেকে ১৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
