বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নেয়, আমরাও ১৪-১৫ লাখ নিতে বলব : আসামের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে ১৪ থেকে ১৫ লাখ অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত নিতে বলবেন বলে জানিয়েছেন রাজ্যটির অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

রোববার ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাল দলিল প্রতিরোধে নাগরিকদের তালিকা হালনাগাদের এ প্রক্রিয়া চলমান থাকবে ততদিন, যতদিন আসামের একজন আদিবাসীও তাদের আবাস খুঁজে না পাবেন। আমরা বাংলাদেশকে বলব, তাদের লোকদের ফেরত নিতে।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পরে যারা শরণার্থী হিসেবে এসেছেন, তারা সমস্যার সম্মুখীন হবেন। আমরা তাদের প্রতি সহমর্মী। কিন্তু তালিকার মধ্যে অনেকে আছেন, যারা নাগরিক নিবন্ধন প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। এজন্য তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর অন্তত ২০ শতাংশ এবং বাকি আসামের ১০ শতাংশ নাগরিকদের পুনর্যাচাইয়ের অনুমতি দিতে সুপ্রিমকোর্টের কাছে দাবি জানান আসামের অর্থমন্ত্রী।

বিশ্বশর্মা বলেন, ভারতের বন্ধু বাংলাদেশ সব সময় আমাদের সহযোগিতা করে আসছে। অবৈধ অভিবাসনের ক্ষেত্রে তারা তাদের নাগরিকদের বরাবরই ফেরত নেয়। এ সংখ্যা কখনও ‍খুব বেশি ছিল না। কিন্তু এখন তাদের চিহ্নিত করতে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তালিকায় কারও নাম না থাকলেই যে তাকে বিদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তা নয়। এর জন্য আইনি প্রক্রিয়া আছে। সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ভারতের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

আগের সংবাদকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩
পরবর্তি সংবাদমঙ্গলবার বাংলাদেশ আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ