
ফাতেহ ডেস্ক :
অসুস্থ বৃদ্ধা মা’কে মাজারে ফেলে রেখে পালিয়েছে তার নিজ সন্তানেরা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাদলবাড়ী মাজার এলাকায়। মাজারে পরে থাকা অসহায় এই মায়ের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের কয়েকজন তরুণ। পরম যত্নে তাকে তুলে এনে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে।
গত শনিবার দিনের কোনো এক সময় তার নিজ সন্তানেরা শাহজাদপুরে হযরত শাহ হাবিবুল্লাহ (রহ:), মাজারে তাকে রেখে যায়। কিন্তু পরের দিন বৃদ্ধাকে কেউ নিতে না আসায় এলাকাবাসী তাকে বাইরে একটি ঘরের বারান্দায় রেখে দেয়।
স্থানীয়রা জানান, শারিরীক ভাবে অসুস্থ হওয়ায় বৃদ্ধ মাকে রেখে পালিয়েছে তার সন্তানেরা। অসুস্থ বৃদ্ধা নিজের নাম বলতে পারলেও সন্তানদের নাম ও ঠিকানা কিছুই বলতে পারছে না।
দি বার্ড সেফটি হাউস এর সভাপতি মামুন বিশ্বাস বলেন, আমরা জানতে পারি এই মহিলাকে শাহজাদপুর রেখে যায়। পরে শুনতে পারি এখানে তার স্বজনরা রেখে যান। আমরা ধারণা করছি তিনি মানসিক রোগী। পরবর্তীতে আমরা তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি।
হাসপাতালের চিকিৎসক জানান, বৃদ্ধা মানসিকভাবে ভারসাম্যহীন। তার সুচিকিৎসার জন্য হাসপাতাল এর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
